সাতকানিয়ার স্কুল শিক্ষার্থীরা সব বই পায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৪১টি মাধ্যমিক, ১৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩৭টি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা সব বিষয়ের নতুন বই পায়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, সাতকানিয়া উপজেলার ৪১টি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ৮ লাখ ৪২ হাজার ৩৯০টি বইয়ের চাহিদা দেওয়া হয়েছিল। বই পাঠানো হয়েছে ৮ লাখের কাছাকাছি। নবম শ্রেণির গণিত, ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা, পদার্থবিজ্ঞান, সাধারণ বিজ্ঞান, হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ ও ভূগোল বই এখনো পাঠানো হয়নি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, এ বছর প্রথম শ্রেণির জন্য ১২ হাজার ৫০০ সেট, দ্বিতীয় শ্রেণির জন্য ১২ হাজার ৫০০ সেট, তৃতীয় শ্রেণির জন্য ১২ হাজার ৮০০ সেট, চতুর্থ শ্রেণির জন্য ১১ হাজার ৬০০ সেট ও পঞ্চম শ্রেণির জন্য ১১ হাজার সেট নতুন বইয়ের চাহিদা দেওয়া হয়েছিল। এর মধ্যে প্রথম শ্রেণির শুধু ইংরেজি; দ্বিতীয় শ্রেণির শুধু গণিত; তৃতীয় শ্রেণির শুধু গণিত; চতুর্থ শ্রেণির গণিত, ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা; পঞ্চম শ্রেণির শুধু ইংরেজি, ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা বই পাওয়া গেছে। চাহিদা মোতাবেক কোনো শ্রেণির পূর্ণাঙ্গ সেট নতুন বই পাওয়া যায়নি।
সাতকানিয়া পৌরসভার ছমদরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম জাকারিয়া প্রথম আলোকে বলেন, পূর্ণাঙ্গ সেট বই না আসায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শুধু একটি বা দুটি বই বিতরণ করা হয়েছে।
সাতকানিয়া মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে সব বিষয়ের বই বিতরণ করা যায়নি। নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য মাত্র চারটি কি পাঁচটি বিষয়ের বই পাওয়া গেছে।
সাতকানিয়া টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মাহিন মুবাশশির জানায়, সে কেবল গণিত বই পেয়েছে।
উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এস এম ইউসুফ প্রথম আলোকে বলেন, সব শ্রেণির জন্য সব বিষয়ের নতুন বই এখনো পাওয়া যায়নি। তাই শিক্ষার্থীদের হাতে পূর্ণাঙ্গ সেট নতুন বই তুলে দেওয়া সম্ভব হয়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিম শরীফ ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ চিরান বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাঁরা আশা করছেন, অল্প কয়েক দিনের মধ্যে সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া সম্ভব হবে।