সাতকানিয়ায় অস্ত্রসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের হলুদিয়া এলাকা থেকে গত শনিবার রাতে স্থানীয় লোকজন অস্ত্রসহ দুই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন৷
আটক হওয়া ব্যক্তিদের মধ্যে একজন রোহিঙ্গা৷ তাঁর নাম ছিদ্দিক আহমদ (৩০)৷ তিনি মিয়ানমারের আকিয়াব জেলার বুচিদং থানার মমতাজ আহমদের ছেলে৷ অন্যজন সুমন রবি দাশ (২৮)৷ তিনি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার সাথিয়ারপাড়া এলাকার মধু দাশের ছেলে৷
বাজালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিন সিকদার জানান, শনিবার রাত আটটায় ইউনিয়নের হলুদিয়া এলাকায় অপরিচিত দুই যুবক ঘোরাঘুরি করলে স্থানীয় লোকজনের সন্দেহ হয়৷ এলাকাবাসী তাঁদের আটক করে শরীর তল্লাশি করে একটি রিভলবার উদ্ধার করে ইউপি ভবনে নিয়ে আসেন৷ পরবর্তীকালে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়৷
সাতকানিয়া থানার ওসি মো. খালেদ হোসেন বলেন, এলাকাবাসীর সহায়তায় শনিবার রাতে হলুদিয়া এলাকা থেকে একটি রিভলবারসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে৷