সাতকানিয়ায় আ. লীগের মেয়র প্রার্থীকে নোটিশ
চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ জোবায়েরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। আচরণবিধি লঙ্ঘন করে পৌরসভা এলাকার আদালত সড়কে রঙিন ছবি সংবলিত ফেস্টুন টাঙানোর অভিযোগে আজ রোববার বিকেলে তাঁকে নোটিশ পাঠানো হয়।
রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ বলেন, আচরণবিধি লঙ্ঘনসহ নির্বাচনের অন্যান্য বিষয় দেখাশোনার জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। আজ ওই রঙিন ফেস্টুনের খবর পাওয়ামাত্রই নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে সেগুলো নামিয়ে ফেলেন। রঙিন ফেস্টুন টাঙানোর অভিযোগে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
তবে মোহাম্মদ জোবায়ের রিটার্নিং কর্মকর্তার দেওয়া কারণ দর্শানোর নোটিশ পাননি দাবি করে বলেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। নির্বাচনী আচরণবিধি যাতে লঙ্ঘন না হয়, সে দিকে কর্মী-সমর্থকদেরও নির্দেশনা দেওয়া আছে।’