সাতকানিয়ায় আ.লীগ নেতাকে কুপিয়ে জখম
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় গত সোমবার রাতে শিবির কর্মীরা মাহফুজুল হক (৪২) নামে এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে। মাহফুজ কাঞ্চনা ইউনিয়নের হাজারিখীল এলাকার মৃত আমিন শরীফের ছেলে ও কাঞ্চনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মাহফুজ তাঁর বাড়ির পাশে নিজের মুদির দোকানে বসে থাকা অবস্থায় সোমবার রাত সাড়ে আটটার দিকে ছয়-সাতজন শিবির কর্মী এসে দোকান থেকে টেনে বের করে এলোপাতাড়ি লাঠি ও হকিস্টিক দিয়ে আঘাত করতে থাকে। একপর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়লে শিবির কর্মীরা তাঁকে ছুরির আঘাতে কুপিয়ে জখম করে চলে যায়। এরপর স্থানীয় লোকজন তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফরিদুল আলম জানান, মাহফুজ ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। শিবিরের সন্ত্রাসীরা তাঁর ওপর পরিকল্পিতভাবে হামলা করেছে।
উপজেলা শিবিরের সভাপতি মোহামঞ্চদ ইমরান বলেন, শিবির কর্মীরা মাহফুজের ওপর হামলা করেনি। এটি তাঁদের দলীয় কোন্দলের বিষয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ হোসেন বলেন, মাহফুজের ওপর হামলার বিষয় জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।