সাতকানিয়ায় আ.লীগ নেতার মতবিনিময় সভা
সাতকানিয়া সদরের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম মতবিনিময় সভা ও সমাবেশ করেছেন। উপজেলার সদরের সাতকানিয়া টাউন প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বেলা ১১টায় মতবিনিময় সভায় স্থানীয় মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। সভা শেষে সাতকানিয়ার ঢলু সেতু এলাকায় সমাবেশও করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদুল আলম। ওই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল ইসলাম বলেন, ‘জামায়াত ইসলামী ১৯৭১ সালে বিভিন্ন অপরাধ করেছিল। এখন আবার তারা জঘন্য মিথ্যাচার করছে। সাঈদীকে চাঁদে দেখা যাওয়ার মতো মিথ্যাচার করে সরলপ্রাণ মুসলমানদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। সবাইকে বুঝতে হবে, এরা কারা। এরা ধর্ম ব্যবসায়ী। সম্মিলিতভাবে এদের প্রতিহত করতে হবে।’ সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পদক বদিউল আলম, নুরুল আবছার চৌধুরী, গোলাম ফারুক, সরওয়ার উদ্দিন চৌধুরী, আবদুস শুকুর প্রমুখ।