সাতকানিয়ায় আগুনে পুড়েছে ২৪ বসতঘর
চট্টগ্রামের সাতকানিয়া পৌর এলাকায় অগ্নিকাণ্ডে ২৪টি বসতঘর পুড়ে গেছে। গতকাল শুক্রবার পৌরসভার চরপাড়া ওয়ার্ডের বাদামতল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই এলাকার আবদুল আজিজের রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশে ছড়িয়ে পড়ে। এতে ২৪টি বসতঘর পুড়ে যায়। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পৌরসভার কাউন্সিলর সাইফুল আলম সোহেল প্রথম আলোকে বলেন, আগুনে ২৪টি বসতঘরের সবকিছু পুড়ে গেছে। বসতঘর থেকে কোনো কিছুই বের করা সম্ভব হয়নি। তাঁর অভিযোগ, ফায়ার সার্ভিস স্টেশনের ল্যান্ডফোনে অসংখ্যবার ফোন করার পরও কেউ ফোন ধরেননি। ফায়ার সার্ভিসের কর্মীরা ঠিক সময়ে ঘটনাস্থলে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কমানো যেত।
সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, খবর পেয়েই তাঁদের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। তিনি জানান, স্টেশনের ল্যান্ডফোন নষ্ট।