সাতকানিয়ায় আগুনে ১১ বসতঘর পুড়ে গেছে
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১১টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্রসহ প্রায় ৪০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানিয়েছেন।
গতকাল শুক্রবার বেলা একটার দিকে উপজেলার ঢেমশা ইউনিয়নের হাঙ্গরকুল মিঠারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল বেলা একটার দিকে ওই এলাকার মোহাম্মদ আরিফের বসতঘর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের অন্য বসতঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ১১টি বসতঘর পুড়ে যায়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত বসতঘরের মালিকেরা হলেন মোহাম্মদ আরিফ, মুন্সি মিয়া, জামাল হোসেন, নুরুল কবির, জুনু মিয়া, আহমদ হোসেন, মোহাম্মদ হোসেন, জাগির আহমদ, আমির হোছন, মোহাম্মদ সাদেক ও আছিয়া খাতুন।
ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল আলম বলেন, ‘আগুনে ১১ বসতঘরের সবকিছু পুড়ে ছাই গেছে। প্রত্যেক পরিবারকে আমার ব্যক্তিগত তহবিল থেকে দুই হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।’
সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়েই তাঁদের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।