সাতকানিয়ায় আদিবাসী শিশু ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে এক ব্যক্তি আদিবাসী এক মেয়েকে (১২) ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় মামলা হলেও গতকাল রোববার পর্যন্ত পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেনি। ধর্ষণের শিকার মেয়েটি পিন্টু ত্রিপুরা নামের এক ব্যক্তির বাসায় গৃহকর্মী হিসেবে থাকত। পিন্টু ত্রিপুরা বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক একটা-দেড়টার দিকে মোহামঞ্চদ ফোরকান (২৫) নামের এক ব্যক্তি কৌশলে ঘরের দরজা খুলে মেয়েটিকে তুলে নিয়ে যান। পরে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘুম থেকে উঠে দেখেন মেয়েটি নেই এবং বাসার দরজাও খোলা। খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের বিলের পাশে তাঁরা মেয়েটির চিৎকার শুনতে পান। পরে তাঁরা এগিয়ে গেলে ফোরকান পালিয়ে যান। বান্দরবানের ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি ফিলিপ ত্রিপুরা বলেন, তাঁরা বিষয়টি জানতে পেরে ধর্ষণের শিকার ত্রিপুরা মেয়েটিকে উদ্ধার করে বান্দরবানে নিয়ে আসেন। তিনি জানান, এই ঘটনায় সাতকানিয়ায় থানায় মামলা করা হয়েছে। ঘটনার শিকার মেয়েটি প্রথম আলোকে বলে, গাড়িচালক ফোরকান তাকে মাঝেমধ্যে উত্ত্যক্ত করত। পাশের বাসার এক নারী ফোরকানকে সহযোগিতা করত। এদিকে আদিবাসী মেয়েটিকে ধর্ষণের প্রতিবাদে গতকাল বান্দরবান জেলা শহরের মধ্যমপাড়া এলাকায় পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) মানববন্ধন করেছে। মানববন্ধনে বক্তারা বলেন, ফোরকানকে সহায়তাকারী ওই নারীকে পুলিশ আসামি করেনি। তাঁরা অবিলম্বে ফোরকানসহ ওই নারীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।পিন্টু ত্রিপুরা বলেন, ঘটনার পর বান্দরবানের একটি স্থানীয় পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে এক ব্যক্তি মামলা না করার জন্য তাঁকে হুমকি দেন। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভূগছেন। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, তাঁরা প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়েছেন। গতকাল মেয়েটির ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। ফোরকানের সহযোগী ওই নারীকে আসামি না করার কথা স্বীকার করে তিনি বলেন, কিশোরীর জবানবন্দির ভিত্তিতে ওই নারীকে মামলার আওতায় আনা হবে।ওসি বলেন, ফোরকান পলাতক। তাঁকে শিগগিরই গ্রেপ্তার করা সম্ভব হবে তিনি আশা করছেন।