সাতকানিয়ায় ইউপি চেয়ারম্যান হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আবছার হত্যায় জড়িত সন্দেহে পুলিশ মাহমুদুল হক ও ওসমান গনি নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। আবছার হত্যার ঘটনায় তাঁর বাবা আহমদ হোসেন গতকাল মঙ্গলবার সাতকানিয়া থানায় মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া মাহমুদুল হকের বাড়ি পার্শ্ববর্তী চরতি দ্বীপে। তাঁর বিরুদ্ধে থানায় তিনটি ডাকাতি ও একটি হত্যা মামলা রয়েছে। সাড়ে নয় বছর জেল খেটে তিন মাস আগে তিনি জামিনে বের হন। অন্যদিকে ওসমান গনি বিগত নলুয়া ইউপি নির্বাচনে অন্যতম চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন। মাহমুদুলকে নিজ বাড়ি থেকে এবং ওসমান গনিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, মামলায় কাউকে সরাসরি আসামি করা হয়নি। তবে এজাহারের বর্ণনায় সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান আবদুল মোনাফ, গ্রেপ্তারকৃত ওসমান গনি ও বিগত নির্বাচনে নলুয়া ইউনিয়নের অপর চেয়ারম্যান পদপ্রার্থী সরওয়ার জামালের নাম সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়েছে। এজাহারে বলা হয়, বিগত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এই তিন ব্যক্তির সঙ্গে নুরুল আবছারের দ্বন্দ্ব ছিল। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ প্রথম আলোকে বলেন, এজাহারে মাহমুদুলের নাম না থাকলেও হত্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে মনে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে এখনই সবকিছু প্রকাশ করা যাচ্ছে না। গত রোববার গভীর রাতে নিজ বাড়িতে খুন হন নুরুল আবছার। সোমবার বিকেলে তাঁর জানাজায় গণপিটুনিতে আহত হন সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান আবদুল মোনাফ। ঘটনার পর নলুয়া ইউনিয়নে তিন প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে বলে সাতকানিয়া থানা সূত্রে জানা গেছে। এদিকে, গণপিটুনিতে আহত আবদুল মোনাফকে ঢাকায় নিয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল সকালে বিমানে করে তাঁকে ঢাকায় নেওয়া হয়।