সাতকানিয়ায় একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী তসলিমা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে কেবল একজন নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলার ১৭টি ইউনিয়নের মধ্যে নলুয়ায় চেয়ারম্যান পদে তসলিমা আকতার নামের এক নারী লড়ছেন। তিনি আওয়ামী লীগের প্রার্থী। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. শাহ আলম, জামায়াত-সমর্থিত স্বতন্ত্র প্রার্থী দিদারুল ইসলামসহ চারজন। তসলিমা আকতার চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সহমহিলা-বিষয়ক সম্পাদক। তিনি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।
২০১১ সালের ইউপি নির্বাচনে তসলিমা আকতারের স্বামী নুরুল আবছার চেয়ারম্যান নির্বাচিত হন। ওই বছরের ২৬ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে তিনি মারা যান। পরে ২০১২ সালে অনুষ্ঠিত উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তসলিমা আকতার বিজয়ী হন।
তসলিমা আকতার প্রথম আলোকে বলেন, ‘আমি জয়ী হলে গ্রামের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও বেকারদের কর্মস্থানের জন্য ভূমিকা রাখব। মাদকের বিরুদ্ধেও জোরালো অবস্থান থাকবে আমার। ’
সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোজাম্মেল হক বলেন, নারীর ক্ষমতায়নে উপজেলার নলুয়ায় তসলিমা আকতারকে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিয়েছে।