সাতকানিয়ায় গভীর রাত পর্যন্ত কেনাবেচা
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিপণিবিতানগুলোতে বৃষ্টি উপেক্ষা করে গত কয়েক দিন গভীর রাত পর্যন্ত ঈদের কেনাবেচা চলছে। নির্ঘুম রাত কাটলেও খুশি উপজেলার কেরানীহাট ও সদরের বিপণিবিতানগুলোর দোকানিরা।
সাতকানিয়া সদরের মকবুল সিরাজী মার্কেটে বুধবার রাতে কথা হয় মাদ্রাসাশিক্ষক ছেনুয়ারা বেগমের সঙ্গে। তিনি জানান, ভিড় কিছুটা কম হবে—এমন ধারণার কারণে তিনি রাতে কেনাকাটা করতে এসেছেন।
সাতকানিয়া সদরের কাপড় ব্যবসায়ী নাছের উদ্দিন জানান, এবারের ঈদে গভীর রাত পর্যন্ত বেচাবিক্রি চলছে। মেয়েদের পোশাকের মধ্যে থ্রি-পিসের চাহিদা সবচেয়ে বেশি। ভারতীয় টিভি চ্যানেলের বিভিন্ন সিরিয়াল ও নায়িকাদের নামে তৈরি পোশাকই বেশি বিক্রি হচ্ছে।
সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এ কে এম এমরান ভূঞা জানান, ক্রেতা-বিক্রেতারা যাতে স্বাচ্ছন্দ্যে কেনাবেচা করতে পারেন, সে জন্য পুলিশের টহল ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।