ভোট গ্রহণ শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যে চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গতকাল বুধবার সকাল ১০টার দিকে সাতকানিয়া সরকারি কলেজ ভোটকেন্দ্রের বাইরে এ সংঘর্ষ হয়।
নিহত নুরুল আমিন (৪৮) ৯ নম্বর ওয়ার্ডের গোয়াজরপাড়া এলাকার আবদুর রহিমের ছেলে। তাঁকে বিএনপি নিজেদের কর্মী বলে দাবি করেছে। সংঘর্ষে আহত মো. নুরুন্নবীকে (১৯) সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত নুরুল আমিন কক্সবাজারের মহেশখালীতে লেপ-তোশকের ব্যবসা করতেন। তিনি পৌর নির্বাচন উপলক্ষে বাড়িতে আসেন। সাতকানিয়া সরকারি কলেজ কেন্দ্রের ভোটার ছিলেন তিনি। তাঁর চাচাতো ভাই মো. আবুল কালাম প্রথম আলোকে বলেন, নুরুল আমিন রাজনীতির সঙ্গে জড়িত নন। তবে তাঁর পরিবারের লোকজন আওয়ামী লীগের সমর্থক।
সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদুল হাই প্রথম আলোকে বলেন, ভোটকেন্দ্রের প্রায় সাড়ে ছয় শ গজ বাইরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালে এক পক্ষের গুলিতে নুরুল আমিন নিহত হন। তিনি হেঁটে ভোটকেন্দ্রের দিকে যাচ্ছিলেন। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সাতকানিয়া সরকারি কলেজ ভোটকেন্দ্রে সকালে আওয়ামী লীগ-সমর্থক কাউন্সিলর প্রার্থী আবদুল হালিম ও মোজাম্মেল হকের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর জের ধরে কলেজ মাঠে দুই কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়। পরে দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে এক পক্ষের গুলিতে ভোটকেন্দ্রে যাওয়ার সময় নুরুল আমিন গুলিবিদ্ধ হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানিজা ফারনাজ প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির বুকের ডান পাশে গুলির চিহ্ন রয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তিনি মারা গেছেন।
সংঘর্ষের বিষয়ে কাউন্সিলর প্রার্থী আবদুল হালিম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘মোজাম্মেল হকের কর্মী-সমর্থকেরা আমার কর্মী-সমর্থকদের ভোটকেন্দ্র থেকে বের করে দিয়েছেন। নিহত নুরুল আমিন আমার প্রতিবেশী।’
তবে মোজাম্মেল হক বলেন, ‘কাউন্সিলর প্রার্থী হালিম ও মনিরুল ইসলাম আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার কর্মী-সমর্থকদের ওপর হামলা করেছেন। গোলাগুলির বিষয়ে আমি কিছুই জানি না।’
এদিকে অনিয়মের অভিযোগ এনে সাতকানিয়া পৌরসভার নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। তবে বিএনপির এ অভিযোগ অস্বীকার করে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ। দলটি বলছে, নিহত নুরুল আমিন কোনো দলের সঙ্গে জড়িত নয়।
সাতকানিয়া পৌরসভা নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ এনেছে বিএনপি। গতকাল দুপুরে দলের মেয়র প্রার্থী রফিকুল আলমের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ মহিউদ্দিন রফিকুল আলমের বাসভবনে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন ডেকে ওই অভিযোগ আনা হয়। তিনি বলেন, বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে ভোটকেন্দ্র দখল করে ধানের শীষের এজেন্টদের বের করে দিয়েছে আওয়ামী লীগ। বিএনপির প্রার্থীর পরিবারের লোকজনও ভোট দিতে পারেননি। এ নির্বাচন প্রহসনের নির্বাচন। তাই এই নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচন দিতে হবে। তাঁর দাবি, গুলিতে নিহত নুরুল আমিন তাঁদের দলের কর্মী।
তবে বেলা আড়াইটায় সাতকানিয়া সদরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন ডেকে বিএনপির সব অভিযোগ অস্বীকার করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাঈনুদ্দিন হাছান চৌধুরী সাংবাদিকদের বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিএনপি তাঁদের পরাজয় নিশ্চিত জেনে নির্বাচন নিয়ে প্রলাপ বকছে। এটি তাঁদের দেউলিয়াপনারই একটি অংশ।