সাতকানিয়ায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বজনদের অভিযোগ হত্যাকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম ঝিনু আকতার। গতকাল সোমবার সকালে স্থানীয় লোকজনের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার মাদার্শা ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। স্বজনদের অভিযোগ, ঝিনু আকতারকে তাঁর স্বামী শ্বাসরোধে হত্যা করেছেন। এখন ঘটনাটি আত্মহত্যা বলে তাঁরা এলাকায় প্রচার চালাচ্ছেন।
জসিম উদ্দিন ক্ষুদ্র ব্যবসায়ী। তাঁর মা নুরুন্নেছা দাবি করেন, গত রোববার রাতে তাঁরা একসঙ্গে খাবার খান। গতকাল সকালে ঘুম থেকে উঠে দেখেন, ঘরের চালের আড়ার সঙ্গে ঝিনুর লাশ ঝুলে আছে। তাঁর গলায় শাড়ি পেঁচানো ছিল।
লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, লাশের গলায় ফাঁসির চিহ্ন ও মুখের বাঁ পাশের চোয়ালে সামান্য থেঁতলানোর দাগ দেখা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্র জানায়, দুই বছর আগে সাতকানিয়ার মাদার্শা ইউনিয়নের মাদার্শা ৩ নম্বর ওয়ার্ড আশ্রয়ণ প্রকল্পের মো. জসিম উদ্দিনের সঙ্গে বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের ঝিনু আকতারের বিয়ে হয়। তাঁদের নয় মাস বয়সী একটি মেয়েশিশু রয়েছে।
নিহত ঝিনু আকতারের বড় ভাই মো. বেলাল উদ্দিন বলেন, বিয়ের সময় বোনের স্বামীকে নগদ দেড় লাখ টাকা যৌতুক হিসেবে দেওয়া হয়েছে। আবারও যৌতুক দাবি করায় গত বছর রমজান মাসে ১০ হাজার টাকা দেন তাঁরা। কারণে-অকারণে প্রায়ই জসিম উদ্দিন ঝিনুকে মারধর করতেন। তাঁদের অভিযাগ, রোববার রাতের কোনো একসময় ঝিনুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরে ঘরে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করা হচ্ছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হোসেন প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বোঝা যাবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা। তবে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গৃহবধূর স্বামী জসিম উদ্দিনকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।