সাতকানিয়ায় ঘর ও দোকানে হামলা-ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া বাসস্টেশন এলাকায় গত মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে বাজালিয়া ইউনিয়ন ছাত্রলীগের এক নেতার বসতঘর ও এক ব্যবসায়ী নেতার দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বহিরাগত এক চিহ্নিত সন্ত্রাসীর নেতৃত্বে একদল দুর্বৃত্ত।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বহিরাগত সন্ত্রাসী শহীদ মুখোশ পরিহিত ২৫-৩০ জন অস্ত্রধারী সন্ত্রাসী নিয়ে পূর্বপরিকল্পিতভাবে রাত আনুমানিক একটার দিকে বাজালিয়া ইউনিয়ন ছাত্রলীগের অর্থবিষয়ক সম্পাদক মোস্তাক আহমদের বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এরপর তাঁরা পার্শ্ববর্তী বাজালিয়া বাসস্ট্যান্ড এলাকায় বাজালিয়া বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সহসভাপতি আবদুল আজিজের মোটর পার্টসের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে সন্ত্রাসী দুর্বৃত্তরা পালিয়ে যায়।
সাতকানিয়া থানার উপসহকারী পরিদর্শক জাকির জানান, সন্ত্রাসী শহীদ ২৫-৩০ জন সহযোগী নিয়ে বাজালিয়া বাসস্ট্যান্ড এলাকার একটি বসতঘর ও একটি মোটর পার্টসের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।
বাজালিয়া বাসস্টেশন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সিকদার প্রথম আলোকে বলেন, বহিরাগত চিহ্নিত এক সন্ত্রাসী মুখোশ পরিহিত একদল অস্ত্রধারী দুর্বৃত্ত নিয়ে ছাত্রলীগ নেতা মোস্তাকের বসতঘর ও ব্যবসায়ী নেতা আজিজের মোটর পার্টসের দোকানে হামলা-ভাঙচুর চালিয়ে লুটপাট করেছে।
সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম এমরান ভূঞা বলেন, হামলা-ভাঙচুরের বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।