সাতকানিয়ায় ছিনতাইকারীর কবলে তিন মাছ ব্যবসায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় তিন মাছ ব্যবসায়ীর ৭২ হাজার টাকা ছিনতাই হয়েছে বলে তাঁরা অভিযোগ করেছেন। গত মঙ্গলবার রাতে উপজেলার সাতকানিয়া-বাঁশখালী সড়কের ছনখোলার ঢালা এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার মাছ ব্যবসায়ীরা হলেন বাঁশখালী উপজেলার ছনুয়া এলাকার মো. ছলিমউল্লাহ (৪৮), আবদুর রহমান (৫০) ও সোনা মিয়া (৫৫)।
মো. ছলিমউল্লাহ প্রথম আলোকে বলেন, সাতকানিয়া সদরের দেওয়ানহাটে মাছ বিক্রি করে গত মঙ্গলবার রাতে অটোরিকশায় করে তাঁরা বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ১০টার দিকে সাতকানিয়া-বাঁশখালী সড়কের ছনখোলার ঢালা এলাকায় পৌঁছার পর মুখোশপরা দুই ছিনতাইকারী তাঁদের বহনকারী অটোরিকশার গতি রোধ করে। এ সময় ছিনতাইকারীরা অস্ত্র ও ছুরির ভয় দেখিয়ে তাঁদের কাছে থাকা ৭২ হাজার টাকা ও দুটি মুঠোফোন সেট ছিনিয়ে নিয়ে পাশের পাহাড়ের দিকে পালিয়ে যায়।
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহজালাল বাবুল প্রথম আলোকে বলেন, তিন মাছ ব্যবসায়ী ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে তিনি শুনেছেন। তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। এরপরও বিষয়টি তদন্ত করে দেখা হবে।