সাতকানিয়ায় জামায়াত-শিবিরের আগুনে দুটি যানই বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা অগ্নিনির্বাপণকেন্দ্রের প্রায় আড়াই কোটি টাকার দুটি গাড়ি জামায়াত-শিবির সমর্থিত একদল উচ্ছৃঙ্খল জনতার হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি ছিল পানিবাহী এবং অন্যটি পাম্পবাহী টানা গাড়ি। প্রথমটির দাম প্রায় দুই কোটি টাকা। টানা গাড়িটির দাম প্রায় ৫০ লাখ টাকা বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। গত ২৮ ফেব্রুয়ারি দুপুরে দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরে জামায়াত-শিবির সমর্থকেরা ওই অগ্নিনির্বাপণকেন্দ্রে ঢুকে দুই দফা হামলা চালায়। এ সময় তারা একটি যানে ভাঙচুর করে এবং অন্যটিতে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক মো. রুহুল আমিন প্রথম আলোকে বলেন, সাতকানিয়া অগ্নিনির্বাপণকেন্দ্রের দুটি মূল্যবান অগ্নিনির্বাপণ যান ক্ষতিগ্রস্ত হওয়ায় এ অঞ্চলের মানুষের জন্য তা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কারণ, ভবিষ্যতে বিদেশ থেকে এ ধরনের যান আমদানি করা খুবই কঠিন ব্যাপার। তা ছাড়া এগুলো মেরামত করতেও অনেক সময় লাগবে। অন্য এলাকার অগ্নিনির্বাপণকেন্দ্র থেকে যান এনে পরিস্থিতি সামাল দেওয়ায় সম্ভব হবে না সব সময়।ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সাতকানিয়া সদরের মূল সড়কের পাশেই অগ্নিনির্বাপণকেন্দ্রটির অবস্থান। গত ২৮ ফেব্রুয়ারি বেলা প্রায় একটা ৫০ মিনিটের দিকে শ পাঁচেক লোক অতর্কিতে সাতকানিয়া অগ্নিনির্বাপণকেন্দ্রের মূল ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়ে। তারা প্রথমে পানিবাহী যানের আয়না ভাঙচুর করে। পরে তারা কার্যালয় এবং এর দরজা জানালায় ভাঙচুর চালায়। ঘণ্টা খানেক পরে আবারও সাত-আট শ লোকের একটি বহর এসে পাম্পবাহী যানটিতে আগুন জ্বালিয়ে দেয়। চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক মো. রুহুল আমিন বলেন, ‘তদন্তের কাজ চলছে।’ তবে সাতকানিয়া অগ্নিনির্বাপণকেন্দ্রের সামগ্রিক ক্ষতি পুষিয়ে আনতে সময় লাগবে বলেও জানান তিনি। কারণ, কেন্দ্রের অবকাঠামোগত ক্ষতির পরিমাণও হবে প্রায় এক লাখ টাকা। আর দুটি অগ্নিনির্বাপণ যান মেরামতে আনুমানিক দুই থেকে আড়াই লাখ টাকা খরচ পড়বে।