সাতকানিয়ায় জেএসসি পরীক্ষার্থী নিখোঁজ!
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় এক জেএসসি পরীক্ষার্থী ১৮ অক্টোবর থেকে নিখোঁজ রয়েছে।
নিখোঁজ পরীক্ষার্থীর নাম শাফায়াত হোসেন সায়েম (১৪)। সে উপজেলার সাতকানিয়া সদর ইউনিয়নের করইয়ানগর গ্রামের মোহাম্মদ আলমগীরের ছেলে এবং করইয়ানগর উচ্চবিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী।
পুলিশ জানায়, গত বুধবার রাতে এক অভিভাবক করইয়ানগর এলাকা থেকে সায়েম নামের এক জেএসসি পরীক্ষার্থী নিখোঁজের ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ ঘটনাটি নিখোঁজ না অন্য বিষয় তা তদন্ত করে দেখা হচ্ছে এবং নিখোঁজ পরীক্ষার্থীর ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।
নিখোঁজ পরীক্ষার্থীর মামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. ইদ্রিছ প্রথম আলোকে বলেন, ‘ভাগিনা সায়েম ১৮ অক্টোবর বিকেলে বাড়ির পাশের দোকানে যাওয়ার কথা বলে বের হয়ে আর বাড়িতে ফেরেনি। ওই দিন রাত থেকে আত্নীয়স্বজন ও সম্ভাব্য স্থানে খোঁজ করে না পাওয়ার পর ২২ অক্টোবর সাতকানিয়া থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করা হয়েছে। সাত দিনেও তাঁর খোঁজ না পাওয়ায় ঘটনাটি আমাদের কাছে অপহরণ বলে মনে হচ্ছে। তবে এ ব্যাপারে কেউ কোনো ধরনের যোগাযোগ করেননি।’
করইয়ানগর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমাদের বিদ্যালয়ের এক জেএসসি পরীক্ষার্থী বাড়ি থেকে নিখোঁজ হয়েছে বলে শুনেছি। তবে এটি নিখোঁজ না অন্য কিছু বলতে পারছি না।’
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ হোসেন বলেন, অস্টম শ্রেণির এক পরীক্ষার্থী নিখোঁজ হওয়ার বিষয় থানা অবগত হওয়ার পর তদন্তের মাধ্যমে সম্ভাব্য স্থানে খোঁজখবর নেওয়া হচ্ছে।