সাতকানিয়ায় ট্রাকসহ ১২টি গাড়ি ও আ.লীগ নেতার দোকানে আগুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে শিবির কর্মীরা গমবাহী ট্রাকসহ ১২টি গাড়িতে আগুন দিয়েছেন। গত মঙ্গলবার রাত নয়টা থেকে সাড়ে ১০টার মধ্যে গাড়িগুলোতে আগুন দেওয়া হয়। এ সময় শিবির কর্মীরা এক আওয়ামী লীগের নেতার দোকান লুটের পর তাতে আগুন দেন।
এ ছাড়া গতকাল বুধবার মহাসড়কের নয়াখাল-আন্ধারমার দরগাহ ও হাসমতের দোকান এলাকায় পুলিশের সঙ্গে শিবির কর্মীদের কয়েক দফা সংঘর্ষ হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে শিবির কর্মীরা মহাসড়কের কয়েকটি স্থানে অবস্থান নিয়ে সড়ক দিয়ে চলাচলকারী একটি গমবাহী ট্রাক, দুটি মাইক্রোবাস, তিনটি পিকআপ ভ্যান, একটি টমটম ও পাঁচটি মোটরসাইকেলে আগুন দেন এবং সিএনজিচালিত অটোরিকশাসহ সাতটি গাড়ি ভাঙচুর করেন। প্রায় একই সময়ে জামায়াত-শিবির কর্মীরা চট্টগ্রাম-বান্দরবান সড়কের দস্তিদারহাট এলাকায় উপজেলার কেঁওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওসমান গণির চালের দোকান লুটের পর তাতে আগুন দেন। এ আগুন পাশের একটি ওষুধ ও একটি ফার্নিচারের দোকানেও ছড়িয়ে পড়ে।
নয়াখাল ও হাসমতের দোকান এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুলিশ ও শিবির কর্মীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এ সময় শিবির কর্মীরা কমপক্ষে ৩০টি ককটেলের বিস্ফোরণ ঘটান। পুলিশও পাল্টা গুলি করে। তবে সংঘর্ষে কেউ হতাহত হয়নি।
সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের নয়াখাল, আন্ধারমার দরগাহ, খুনি বটতল, টাইম ক্যাফে, হাসমতের দোকান ও মিঠাদীঘি এবং চট্টগ্রাম-বান্দরবান সড়কসহ উপজেলার বিভিন্ন অভ্যন্তরীণ সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন জামায়াত-শিবির কর্মীরা।
সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) শেখ মো. নিয়ামত উল্লাহ বলেন, ‘গাড়ি পোড়ানোর বিষয়টি আমার জানা নেই। তবে শিবিরের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি নয়, পুলিশই শিবিরকে ছত্রভঙ্গ করতে ধাওয়া করে। তবে শিবির কর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটালে পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে।’