সাতকানিয়ায় দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন
চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রশিক্ষণ কেন্দ্র ও স্কুলে বিদ্রোহের ঘটনায় তৎকালীন সহকারী পরিচালক হারুন অর রশিদ এবং উপসহকারী পরিচালক মো. নূরুন্নবীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিকাশ কুমার সাহা আসামিদের উপস্থিতিতে অভিযোগ গঠন করেন। চট্টগ্রাম জেলা ও দায়রা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মোহাম্মদ আবুল হাশেম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গুরুতর। আগামী বছরের ৩১ জানুয়ারি থেকে তাঁদের বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হবে। প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকায় পিলখানায় বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে বিদ্রোহের সঙ্গে সংহতি প্রকাশ করেন সাতকানিয়ায় বিজিবি প্রশিক্ষণ কেন্দ্র ও স্কুলের জওয়ানেরা। এ ঘটনায় ওই বছরের মে মাসে সাতকানিয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাষ্ট্রদ্রোহের অভিযোগে ১০০ জন জওয়ানের বিরুদ্ধে মামলা করেন। পরে এক জওয়ান মারা যান। দুই বছর পর গত ৯ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। তবে দুই আসামি হারুন ও নূরুন্নবীর বিরুদ্ধে অভিযোগ গুরুতর হওয়ায় তাঁদের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়েছে।