সাতকানিয়ায় দুই পক্ষের সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৫
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে গতকাল বুধবার বেলা ১১টায় এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ পাঁচজন আহত হয়েছে।
আহতদের মধ্যে ইসলাম মিয়া (৬০) নামের একজনকে প্রথমে দোহাজারী হাসপাতালে ও পরে অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহত ব্যক্তিরা হলেন বাচা মিয়া (৫৭), নুরুন্নাহার (২৬), মো. বোরহান (১১) ও মো. ইউনুচ (৩৫)।
এ সময় প্রতিপক্ষের লোকজন ১৩টি দোকান ও বসতঘর ভাঙচুর করে লুটপাট চালায়। ভাঙচুর ও লুটপাট হওয়া দোকান ও বসতঘরের মালিকেরা হলেন আলী আহমদ, মো. ইউনুচ, আবুল কাসেম, ইসলাম মিয়া, বাচা মিয়া, আবছার, সমশু, মো. মুছা, লোকমান, আবুল বশর, রুহুল আমিন, খাইর আহমদ ও রশিদ আহমদ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, খাগরিয়া ইউনিয়নের নুরু মার্কেট ও চরখাগরিয়া এলাকায় বাদশা চেয়ারম্যান ও মুছা সওদাগরের মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ইতিমধ্যে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত ব্যক্তিরা এবং ভাঙচুর-লুটপাট হওয়া দোকান ও ঘরের মালিকেরা বাদশা চেয়ারম্যানের সমর্থক।
সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাট চলাকালে সাতকানিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ মনির আহমদ (৩৬), মো. এনাম উদ্দিন (২৪) ও মো. আজগর আলী (২১) নামে তিনজনকে আটক করেছে।
সাতকানিয়া থানার সহকারী পরিদর্শক (এসআই) মো. ওসমান গণি জানান, উপজেলার খাগরিয়া ইউনিয়নে এলাকার আধিপত্য নিয়ে বাদশা চেয়ারম্যান গ্রুপ ও মুছা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এদের মধ্যে আগে বেশ কয়েকবার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাও ঘটেছে। গতকালও একই কারণে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় এক পক্ষ অন্য পক্ষের কয়েকজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে দোকান ও বসতঘরে ভাঙচুর-লুটপাট চালায়।
প্রত্যক্ষদর্শী মো. লোকমান জানান, বাদশা চেয়ারম্যান ও মুছা গ্রুপের মধ্যে গত মঙ্গলবার দুপুর থেকে সংঘর্ষের প্রস্তুতি দেখা গেছে। গতকাল বুধবার সকালে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। তবে মুছা গ্রুপের লোকজন বেশি হওয়ায় তারা চেয়ারম্যান গ্রুপের সমর্থকদের দোকান ও বাড়িঘরে হামলা চালায়। এ সময় তাদের হামলায় ইসলাম মিয়াসহ পাঁচজন আহত হন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ হোসেন সংঘর্ষের ঘটনায় আহত ও ভাঙচুর-লুটপাট হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।