সাতকানিয়ায় দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৯
চট্টগ্রামের সাতকানিয়ায় দুপক্ষের সংঘর্ষে নয়জন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় বেশ কিছু বসতঘর ও একটি দোকান ভাঙচুর করা হয়। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার খাগরিয়া ইউনিয়নের নুরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নুরু মার্কেট এলাকায় বিবদমান দুটি পক্ষের নেতৃত্বে আছেন জামাল হোসেন ও খোরশেদ আলম নামের দুই ব্যক্তি। দুজনের পরিবার ও সমর্থকদের মধ্যে প্রায়ই মারামারি হয়। গতকাল বিকেলে খোরশেদের নেতৃত্বে জামালের সমর্থকদের বাড়িতে হামলা চালানো হয়। এ ঘটনার জের ধরে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুপক্ষের নয়জন ছররা গুলিতে আহত হন।
আহত ব্যক্তিরা হলেন আমেনা খাতুন (৯০), আবদুল করিম (২৩), মো. শাহেদ (১৭), মো. লোকমান (৩০), বোরহান উদ্দিন (১৭), জামাল হোসেন (৪৫), নাছির উদ্দিন (২৫), মো. ইসমাইল (৩৫) ও নুরুল আলম (৩২)। তাঁদের মধ্যে আমেনা খাতুন ছাড়া অন্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ নগরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
খাগরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান আকতার হোসেন প্রথম আলোকে বলেন, প্রায় সময় তুচ্ছ বিষয় নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। গতকালের ঘটনাও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটেছে।
সাতকানিয়া থানার এসআই মো. ফজলুল হক বলেন, সংঘর্ষ চলাকালে ১৫-২০টির মতো গুলি ছোড়া হয়।
সাতকানিয়া থানার ওসি মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় এখনো কোনো পক্ষ মামলা করেনি।