সাতকানিয়ায় দুর্বৃত্তদের আগুনে পুড়ল সংখ্যালঘুদের সাত ঘর
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের মুহুরীপাড়া এলাকায় গত বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়েছে সংখ্যালঘু সম্প্র্রদায়ের সাতটি বসতঘর। এতে নগদ টাকা, আসবাবসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্তরা হলেন অমল দাশ, হারাধন দাশ, সমর দাশ, নির্মল দাশ, নারায়ণ দাশ, অমর দাশ ও দীপক দাশ। ক্ষতিগ্রস্তরা জানান, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে বাড়ির পূর্ব দিক থেকে আগুনের সূত্রপাত হয়ে পার্শ্ববর্তী বসতঘরগুলোতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আলো রানী দাশ জানান, আগুনের সূত্রপাত হয় হারাধনের বাড়ির পূর্ব পাশ থেকে। অথচ ওই রাতে হারাধন বাড়িতেই ছিলেন না। তিনি পরিবার নিয়ে মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। ফলে তাঁর বাড়িতে কোনো রান্না হয়নি। তাহলে আগুন কোথা থেকে এল! নিশ্চয়ই কেউ না কেউ আগুন লাগিয়ে দিয়েছে। তবে তিনি নির্দিষ্ট করে কারও নাম উল্লেখ করেননি।
হারাধন দাশ বলেন, ‘আমি ৫ জানুয়ারি সংসদ নির্বাচনে ভোট প্রদান করেছি। সম্ভবত এ কারণে দুর্বৃত্তরা আমার বাড়িতে আগুন দিয়ে থাকতে পারে।’
সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এটি নাশকতা নাকি বৈদ্যুতিক শর্টসার্কিট, সেটি এখন বলা যাবে না। কী কারণে আগুন লেগেছে, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সাতকানিয়া উপজেলা সভাপতি প্রদীপ কুমার চৌধুরী বলেন, ‘যেহেতু অগ্নিকাণ্ডের সময় বাড়িতে একজন নারী ছাড়া আর কেউ ছিল না। সেহেতু গভীর রাতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। মানুষবিহীন ঘরে অগ্নিকাণ্ডের ঘটনাটি একটি পূর্বপরিকল্পিত নাশকতামূলক ঘটনা বলে আমার কাছে প্রতীয়মান হয়।’ সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে ক্ষতিগ্রস্তদের বাড়িঘর পরিদর্শন করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি ক্ষতিগ্রস্তদের তালিকা করে জেলা প্রশাসনের কাছে পাঠাব। সেখান থেকে সাহায্য এলে তাদের কাছে পৌঁছে দেব।’