সাতকানিয়ায় পদপিষ্টের ঘটনায় কেএসআরএমের মালিকের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়ায় পদপিষ্ট হয়ে নিহত নারীদের লাশ নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: প্রথম আলো
চট্টগ্রামের সাতকানিয়ায় পদপিষ্ট হয়ে নিহত নারীদের লাশ নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: প্রথম আলো


চট্টগ্রামের সাতকানিয়ার পদপিষ্ট হয়ে নয় নারীর মৃত্যুর ঘটনায় শিল্প গ্রুপ কেএসআরএমের মালিক মোহাম্মদ শাহজাহানকে আসামি করে সাতকানিয়া থানায় মামলা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মামলাটি করা হয়।

মামলার বাদী সাতকানিয়ার খাগরিয়া এলাকার নিহত হাসিনা আক্তারের স্বামী মো. ইসলাম। অবহেলার কারণে মৃত্যু হয়েছে বলে এজাহারে অভিযোগ করা হয়।

জানতে চাইলে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সকালে নিহত হাসিনা আক্তারের স্বামী বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে কেএসআরএমের মালিক মোহাম্মদ শাহজাহানকে। ফৌজদারি কার্যবিধির ৩০৪-এর ক ধারায় মামলা করা হয়।

গতকাল সোমবার সকালে সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের পশ্চিম গাটিয়াডাঙ্গার কাদেরিয়া মঈনুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে ইফতারি তৈরির সামগ্রী বিতরণের সময় পদপিষ্ট হয়ে আট নারী ও এক মেয়েশিশু মারা যায়। এতে আহত হন অন্তত আরও ১০ জন। তাঁদের সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

জানতে চাইলে সাতকানিয়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ আজ দুপুরে জানান, বর্তমানে চারজন সেখানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন নারীরা হুড়োহুড়িতে পড়ে গিয়ে মাথা এবং বুকে আঘাত পান বলে তিনি জানান।