সাতকানিয়ায় পরিবহন শ্রমিকদের অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট নামক এলাকায় গতকাল বুধবার বেলা ১১টার দিকে ট্রাফিক পুলিশের লাঠির আঘাতে এক গাড়িচালকের ঠোঁট কেটে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকেরা আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন।
এর ফলে মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয় এবং চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানে যাতায়াতকারী হাজার হাজার যাত্রী ও পর্যটক ভোগান্তির শিকার হন। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ এলে অবরোধকারীরা সরে পড়েন এবং পুলিশি তৎপরতায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মুরগির বাচ্চা বহনকারী একটি পিকআপ ভ্যান কেরানীহাট এলাকায় মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকলে সড়কে যানজটের সৃষ্টি হয়। এ সময় সড়কে দায়িত্ব পালনকারী এক ট্রাফিক পুলিশের কনস্টেবল গাড়ির চালককে লাঠি দিয়ে গুঁতা দিলে চালকের ঠোঁট কেটে রক্ত বের হয় এবং গাড়িচালক পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এর মধ্যে প্রায় শতাধিক পরিবহন শ্রমিক জড়ো হয়ে পুলিশের বিরুদ্ধে স্লোগান দিয়ে মহাসড়ক অবরোধ করে রাখেন। ফলে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়লে হাজার হাজার যাত্রী ভোগান্তির শিকার হন।