চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া-মাদার্শা এলাকায় গতকাল বুধবার ভোরে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হন। এ সময় অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন এওচিয়া পাহাড়তলী আলীনগর এলাকার আবু তাহের ওরফে আদাইয়া (৩৮) ও তাঁর সহযোগী কাঞ্চনা বখশীরখীল এলাকার মো. ওসমান গনি (৩০)। আহত পুলিশ সদস্যরা হলেন জেলা পুলিশের রিজার্ভ কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কাজী শফিকুল ইসলাম, এসআই নবায়ন দেওয়ান, সহকারী উপপরিদর্শক (এএসআই) মাজহারুল ইসলাম ও কনস্টেবল বুলবুল।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ছয়টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) নাজমুল হাসানসহ জেলা ও সাতকানিয়া থানার একদল পুলিশ ওই এলাকার দুর্গম পাহাড়ের একটি খামারে অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এভাবে দুই পক্ষের মধ্যে প্রায় চার ঘণ্টা থেমে থেমে গুলিবিনিময় চলে। এভাবে পুলিশ ১২টি এবং সন্ত্রাসীরা প্রায় ১০টি গুলি ছোড়ে। একপর্যায়ে গুলিবিদ্ধ আদাইয়া এবং ওসমানকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে দুটি দেশে তৈরি বন্দুক, ১৩টি গুলি, চারটি রামদা, একটি গাছ কাটার করাত ও চারটি মুঠোফোন উদ্ধার করা হয়। সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. হারুন-অর-রশিদ চৌধুরী বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জামায়াত-শিবিরের সহিংসতায়ও অংশগ্রহণ করত। আদাইয়ার বিরুদ্ধে সাতকানিয়া থানায় হত্যা, ডাকাতি, পুলিশের ওপর হামলাসহ অন্তত ১৫টি মামলা রয়েছে। এ ছাড়া হরতাল চলাকালে পুলিশের ওপর গুলিবর্ষণ মামলারও প্রধান আসামি আদাইয়া। সাতকানিয়া সার্কেলের এএসপি এ কে এম এমরান ভূঞা প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা শিবিরের কর্মী। তাঁরা সন্ত্রাসী তৎপরতার পাশাপাশি রাজনৈতিক সহিংসতায় জড়িত।
তবে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. ইমরান প্রথম আলোকে জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সঙ্গে শিবিরের কোনো সম্পৃক্ততা নেই।