সাতকানিয়ায় বন্য হাতির আক্রমণে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বন্য হাতির আক্রমণে আহমদ হোসেন (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার গভীর রাতে সদর ইউনিয়নের বারদোনা এলাকায় এ ঘটনা ঘটে।

আহমদ হোসেনের বাড়ি উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামে। তবে তিনি বারদোনা এলাকার বাহাদীরপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, দুই সপ্তাহ আগে থেকে ১৫-১৬টি বন্য হাতির দল সাতকানিয়ার পূর্ব ছদাহা ও লোহাগাড়ার জঙ্গল পদুয়ার পাহাড়ি এলাকায় অবস্থান করছে। মাঝেমধ্যে হাতির দল পাশের লোকালয়ে এসে আমনখেতসহ বসতঘরে হানা দিচ্ছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে হাতির দলটি বাহাদীরপাড়া গ্রামের চার জঙ্গলের মাথা এলাকায় একটি চায়ের দোকানে হানা দেয়। এ সময় দোকানি আহমদ হোসেন দোকানের ভেতর ঘুমিয়ে ছিলেন। একপর্যায়ে একটি বন্য হাতি তাঁকে শুঁড় দিয়ে তুলে আছাড় দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নেজাম উদ্দিন বন্য হাতির আক্রমণে দোকানি আহমদ হোসেনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

বন বিভাগের পদুয়া কার্যালয়ের রেঞ্জ কর্মকর্তা কাজী আলাউদ্দিন বলেন, বাহাদীরপাড়া এলাকায় আক্রমণ শেষে হাতির দলটি পূর্ব ছদাহার হাঙর পাহাড় এলাকার দিকে চলে গেছে।