সাতকানিয়ায় বন্যায় ভেসে গেছে দেড় কোটি টাকার মাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শখের বশে মাছ চাষ করার জন্য গ্রামের একটি পুকুর ২৫ হাজার টাকায় এক বছরের জন্য ভাড়া নিয়েছিলেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দক্ষিণ চরতি এলাকার নজরুল ইসলাম। প্রায় ৪০ হাজার টাকার পাঙাশ ও তেলাপিয়া মাছের পোনা ছেড়েছিলেন ওই পুকুরে। গত শনিবার বন্যার পানিতে পুকুরের সব মাছ ভেসে যায়।
টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় সাতকানিয়ায় নজরুল ইসলামের মতো অন্তত চার শ মৎস৵চাষির পুকুরের মাছ ভেসে গেছে।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়, সাতকানিয়া উপজেলার অন্তত ৫৫০টি পুকুর ও মৎস্য খামারের মাছ সাম্প্রতিক বন্যায় ভেসে গেছে। এতে মৎস৵চাষিদের প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলার দক্ষিণ ঢেমশা এলাকার মৎস৵চাষি ফারুখ আহমদ (৫৮) জানান, গত ২৬ জুন রাতে বন্যার পানিতে তাঁর দুই একরের একটি পুকুরের মাছ ভেসে গেছে। ওই পুকুরে প্রায় দেড় লাখ টাকার মাছ ছিল।
সাতকানিয়ায় অতিরিক্ত দায়িত্ব পালনকারী পটিয়া উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. আনিসুজ্জামান বলেন, বন্যায় অনেক মৎস৵চাষির বড় ধরনের ক্ষতি হয়ে গেছে। অনেকে নিঃস্ব হয়ে গেছেন। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা তৈরির জন্য মৎস্য কার্যালয়ের লোকজন মাঠে কাজ করছেন।