সাতকানিয়ায় বরযাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাঠানিপুল এলাকায় গতকাল শনিবার সকাল আটটার দিকে বরযাত্রীবাহী ‘সুগন্ধা’ নামক একটি বাস উল্টে গেলে ঘটনাস্থলেই এক বরযাত্রী নিহত হয়েছেন এবং চালক ও শিশুসহ ২৫ বরযাত্রী আহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম তিপন ধর (১৮)। তিনি কক্সবাজারের রামু উপজেলার বণিকপাড়া এলাকার বিমল ধরের ছেলে এবং বর সবুজ ধরের সোনার দোকানের কর্মচারী।

আহত ব্যক্তিরা হলেন সুব্রত ধর (১৮), যিশু ধর (১৬), আকাশ ধর (১৬), তমা ধর (৬), উত্তম ধর (৩৫), প্রদীপ ধর (১৮), স্বপন ধর (১৭), অপু ধর (২২), বিশু ধর (১৭), মুক্তা ধর (১০), কৃষ্ণ ধর (১৩), রুবেল ধর (২৪), বাপ্পা ধর (৭), অন্তরা ধর (৪), আনন্দ জলদাস (৪২), শুভ জলদাস (১২), শিমুল জলদাস (১৮), অরুণ জলদাস (২৮), রাজেন্দ্র জলদাস (৫৮), সমীর জলদাস (২৪), ভোলা জলদাস (৩৬), বাবলা জলদাস (২৫), ঝন্টু জলদাস (৩৭), ইমন চক্রবর্তী (১৪) ও গাড়ির চালক অপূর্ব ধর (৪০)। আহত সবাই সাতকানিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড রামপুর ও বণিকপাড়ার বাসিন্দা। আহত ব্যক্তিদের মধ্যে সুব্রত ধর ও যিশু ধরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় সরকারি ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সাতকানিয়া পৌরসভার প্যানেল মেয়র ও ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নওয়াব মিয়া জানান, পৌরসভার রামপুর এলাকার সবুজ ধরের বিয়ের আনুষ্ঠানিতা শেষে বোয়ালখালী উপজেলার গুমদণ্ডী থেকে বরযাত্রী নিয়ে সুগন্ধা নামক একটি বাস সাতকানিয়ার গ্রামের বাড়িতে আসার পথে পাঠানিপুল এলাকায় এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বাসটি সড়কের ওপর উল্টে গেলে তিপন নামের এক বরযাত্রী নিহত হন এবং চালক ও শিশুসহ ২৫ বরযাত্রী আহত হন।