সাতকানিয়ায় বিজিবির সমাপনী কুচকাওয়াজ
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জত এলাকায় অবস্থিত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে গতকাল মঙ্গলবার সকালে ৮৪তম ব্যাচ রিক্রুটদের সমাপনী কুচকাওয়াজ সম্পন্ন হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন শেষে বক্তব্য দেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ড্যান্ট কর্নেল মো. আশরাফুল আলম, লে. কর্নেল মো. আবদুর রহিম, ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহম্মদ আলী, ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহমদ চৌধুরী, কর্নেল এ কে এম সাইফুল ইসলাম প্রমুখ।
৮৪তম রিক্রুট ব্যাচে ১১৪৪ জন নবীন সৈনিকের মধ্য থেকে কুচকাওয়াজ, শারীরিক উৎকর্ষতা, ফায়ারিং, সব বিষয়ে সেরা রিক্রুটদের পুরস্কার বিতরণ করা হয়। এর মধ্যে সব বিষয়ে সেরা সৈনিক হিসেবে এম আরাফাত হোসেন পুরস্কার লাভ করেন।