সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বন্য হাতির মৃত্যু
চট্টগ্রামের সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি বন্য হাতি মারা গেছে। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার ধর্মপুর ইউনিয়নের অদ্দারপাড়া গ্রামের বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ উল্যাহসহ বন বিভাগের কর্মকর্তারা গতকাল বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বন বিভাগ সূত্র জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় বন্য হাতির একটি দল খাদ্যের সন্ধানে ধর্মপুর ইউনিয়নের অদ্দারপাড়া ও কুণ্ডরকুল এলাকার লোকালয়ে চলে আসে। ওই এলাকার বোরো ধান ও সবজির খেত নষ্ট করে রাতে বনে ফিরে যাওয়ার সময় হাতির ধাক্কায় বিদ্যুতের একটি খুঁটি ভেঙে যায়। ওই খুঁটির বিদ্যুতের তারে জড়িয়ে হাতিটি মারা যায়।
সাতকানিয়ার বাজালিয়া বড়দুয়ারা বন বিটের কর্মকর্তা মো. রইছউদ্দিন প্রথম আলোকে বলেন, গত এক বছরে বড়দুয়ারা বন বিট এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এ নিয়ে দুটি বন্য হাতি মারা গেল। বন বিভাগের পদুয়ার রেঞ্জ কর্মকর্তা কাজী আলাউদ্দিন বলেন, ধর্মপুর ইউনিয়নের অদ্দারপাড়া এলাকায় মঙ্গলবার রাতের কোনো একসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটির মৃত্যু হয়। দুপুরে পশু চিকিৎসক এসে হাতিটির ময়নাতদন্ত করেছেন। এরপর হাতিটি মাটিতে পুঁতে রাখা হয়।
দোহাজারী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলী শফিউর রহমান বলেন, বন্য হাতির পালের ধাক্কা লেগে অদ্দারপাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ লাইনের একটি খুঁটি ভেঙে গেছে। খুঁটির তারে জড়িয়েই হাতিটির মৃত্যু হয়েছে।