সাতকানিয়ায় বুলডোজার পুড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ১
সাতকানিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত ২ মার্চ গভীর রাতে উপজেলার ঢেমশা ইউনিয়নের আবদুস সোবহানের ভাড়া করা বুলডোজার পুড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলার তালিকাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানার পুলিশ।থানার উপপরিদর্শক (এসআই) প্রভাত কর্মকার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আনসারুল হকের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত শুক্রবার রাতে ঢেমশা বোর্ড অফিস এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. শাহ আলম (২৫)। তিনি উত্তর ঢেমশা দরবেশপাড়া এলাকর মৃত অলি আহমদের ছেলে। জানা যায়, ২ মার্চ গভীর রাতে আবদুস সোবহানের ভাড়া করা বুলডোজারটিতে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় এটি সম্পূর্ণ পুড়ে না গেলেও ১০-১২ লাখ টাকার ক্ষতি হয় বলে মামলায় উল্লেখ করেছেন আবদুস সোবহান। মামলায় উল্লিখিত তথ্যানুসারে জানা যায়, বুলডোজার ভাড়া করে আনার পর মাটি কাটা শুরু করার আগে স্থানীয় কয়েকজন চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন তিনি। পরে ৩ মার্চ সন্দেহভাজন কয়েকজনের নাম উল্লেখ করে তিনি সাতকানিয়া থানায় মামলা দায়ের করেন। এ অভিযোগেই শাহ আলমকে গ্রেপ্তার করা হয়।