সাতকানিয়ায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড দক্ষিণ পুরানগড় এলাকায় মো. জিয়া উদ্দিন (৩২) নামে এক পুস্তক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
জিয়া উদ্দিন ইউনিয়নের দক্ষিণ পুরানগড় এলাকার ভেট্টা মিয়ার ছেলে। গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। সাতকানিয়া থানা পুলিশ গতকাল সোমবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, জিয়া উদ্দিনের উপজেলার বাজালিয়া ইউনিয়নের বোমাং হাট নামক এলাকায় ‘আদর্শ লাইব্রেরি ’ নামে একটি বই ও অফিস সামগ্রীর দোকান আছে। রোববার রাত আনুমানিক ১১টার দিকে দোকান বন্ধ করে দোকানের কর্মচারী আকিবকে নিয়ে নিজের মোটরসাইকেলে করে বাড়িতে ফেরার পথে বাড়ির কাছাকাছি পৌঁছালে দুর্বৃত্তরা খুব কাছ থেকে তাঁকে গুলি ছুড়ে হত্যা করে পালিয়ে যায়।
নিহতের বড় ভাই মোহামঞ্চদ ইলিয়াছ বলেন, ‘আমার ভাই দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ির কাছে পৌঁছালে সড়কের ওপর একটি গাছের গুঁড়ি পড়ে থাকতে দেখে। এটি দোকান কর্মচারীর মাধ্যমে সরিয়ে দেওয়ার সময় পেছন থেকে গুলি করে আমার ভাইকে হত্যা করা হয়।’
পুরানগড় ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ সিকদার প্রথম আলোকে বলেন, জিয়া এলাকার ভালো যুবকদের মধ্যে একজন। এ হত্যাকাণ্ডে যারা জড়িত, তাদের সঠিকভাবে চিহ্নিত করে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ হোসেন বলেন, পুস্তক ব্যবসায়ী জিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এলাকার লোকজন হত্যাকাণ্ডের বিষয়টি ব্যবসায়িক দ্বন্দ্ব বা ব্যক্তিগত শত্রুতার কারণে ঘটতে পারে বলে ধারণা করছেন। তবে তদন্তের আগে কিছু বলা যাচ্ছে না। আশা করি, দুই-এক দিনের মধ্যে এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হবে। মামলা প্রক্রিয়াধীন আছে।