সাতকানিয়ায় ভাইয়ের হাতে ভাই খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় গত বুধবার রাতে পুরোনো একটি বৈদ্যুতিক পাখা খুলে নেওয়ার ঘটনায় আপন বড় ভাইয়ের ছুরির আঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছোট ভাই মারা গেছেন। নিহত ওই ব্যক্তির নাম মো. ফারুক আহমদ (৩৩)।
ফারুক আহমদ উপজেলার চরতি ইউনিয়নের পানি চরতি এলাকার মৃত সুজায়েত আলীর ছেলে। ঘটনার পরপরই বড় দুই ভাই পালিয়ে গেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চরতি ইউনিয়নের পানি চরতি এলাকার মৃত সুজায়েত আলীর ছেলে হাফেজ আহমদ ও ছগির আহমদের সঙ্গে ছোট ভাই ফারুক আহমদের দীর্ঘদিন ধরে পৈতৃক জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে প্রায় তিন বছর আগে থেকেই ফারুক বড় ভাইদের কাছ থেকে আলাদা হয়ে নিজে বসতঘর তৈরি করে বসবাস শুরু করেন। গত বুধবার বিকেলের দিকে ফারুক যৌথ থাকাকালীন তাঁর কেনা বৈদ্যুতিক পাখাটি পুরোনো বসতঘর থেকে খুলে নিজের বসতঘরে নিয়ে আসেন। এতে বড় দুই ভাই হাফেজ ও ছগির ক্ষিপ্ত হয়ে সন্ধ্যা সাতটার দিকে কয়েকজন প্রতিবেশীর সহযোগিতায় ফারুককে তাঁর বসতঘর থেকে ধরে এনে মারধর করতে করতে পার্শ্ববর্তী সড়কের ওপর নিয়ে আসেন। একপর্যায়ে ফারুক মাটিতে লুটিয়ে পড়লে বড় ভাই হাফেজ তাঁর কাছে থাকা ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং ওখানে তাঁর অবস্থার অবনতি হলে রাত নয়টা দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ফারুক মারা যান। ঘটনার পর থেকেই নিহত ফারুকের বড় দুই ভাই হাফেজ আহমদ ও ছগির আহমদ পলাতক।
সাতকানিয়া থানার সহকারী পরিদর্শক মো. ওসমান গণি জানান, একটি তুচ্ছ বিষয় নিয়ে বড় ভাইদের হাতে ছোট ভাই খুন হয়েছে। ঘটনার পরপরই বড় দুই ভাই পালিয়ে গেছেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ হোসেন বলেন, ভাইদের মধ্যে আগে থেকেই জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে ফারুক কিছুদিন আগে আলাদা হয়ে যান। সামান্য একটি বৈদ্যুতিক পাখার জন্য বড় ভাইয়েরা ক্ষিপ্ত হয়ে ছোট ভাই ফারুককে ছুরিকাঘাতে খুন করেছেন। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।