নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে—প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন আশ্বাসেও আশ্বস্ত হতে পারছেন না সাতকানিয়ার ভোটার ও প্রার্থীরা। ভোটের দিনের পরিবেশ নিয়ে শঙ্কিত তাঁরা। ৪ জুন সাতকানিয়ার ১৭ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ১৭টি ইউনিয়নের মধ্যে সোনাকানিয়ায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নুর আহমদের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনা ভোটে নির্বাচিত হতে চলেছেন। তবে ওই ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্যদের ভোট হবে। তা ছাড়া ধর্মপুর ইউনিয়নেও চেয়ারম্যান পদে ভোট না হওয়ার কথা ছিল। কিন্তু আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আকতার হোসেন উচ্চ আদালতের রায় নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। সর্বশেষ চেয়ারম্যান পদে ৬৪, সংরক্ষিত নারী সদস্যপদে ১২৩ ও সাধারণ সদস্যপদে ৫৫৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রার্থী ও ভোটারদের সঙ্গে আলাপ করে জানা যায়, ১২টি ইউনিয়নে আওয়ামী লীগের ১৬ জন বিদ্রোহী প্রার্থী নির্বাচনী মাঠে সক্রিয়। তা ছাড়া ৯টি ইউনিয়নে বিএনপি ও সাতটি ইউনিয়নে জামায়াত–সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে লড়ছেন।
ভোটারদের অভিযোগ, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, শঙ্কা তত বাড়ছে।
কাঞ্চনা ইউনিয়নের ভোটার আকলিমা খাতুন বলেন, ‘ভোটের আগেই প্রার্থীরা যেভাবে মহড়া দিয়ে যাচ্ছেন, তাতে মনে হয় আমাদের আর ভোটকেন্দ্রে যেতে হবে না। কাড়াকাড়ি ও মারামারি করে ভোট নিয়ে নেবে।’
কেঁওচিয়া ইউনিয়নের ভোটার মাহবুবুল হক বলেন, আগের ধাপের নির্বাচনের অবস্থা দেখে ভোট দেব কি না, সংশয়ে আছি। তা ছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁদের লোকজন যেভাবে একে অপরের পোস্টার ছেঁড়া ও নির্বাচনী কার্যালয় ভাঙচুরে জড়িয়ে পড়েছেন, তাতে মনে হয় নির্বাচনের দিন অবস্থা আরও খারাপ হবে।
শঙ্কা আছে প্রার্থীদের মধ্যেও। এওচিয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী বলেন, প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। প্রচার কাজে নিয়োজিত অটোরিকশা ভাঙচুরের পাশাপাশি দুজন কর্মীকে মারধর করে আহত করা হয়েছে। প্রকাশ্যে ভোটকেন্দ্র দখলের হুমকি দেওয়া হচ্ছে।
কাঞ্চনা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান বলেন, সন্ত্রাসীদের নিয়ে প্রকাশ্যে মহড়া দেওয়া হচ্ছে। এলাকায় আতঙ্ক সৃষ্টি করার জন্য বাইরের সন্ত্রাসী এনে এলাকায় শক্তি প্রদর্শন করা হয়েছে।
সদর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. হারুনুর রশিদ বলেন, ৩০ মে রাতে নৌকা প্রতীকের একটি নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ভোটের দিন ভোটকেন্দ্র দখলের হুমকি দেওয়া হচ্ছে।
একইভাবে শঙ্কার কথা জানান কেঁওচিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মনির আহমদ ও স্বতন্ত্র প্রার্থী নুর হোসেনও।
উপজেলা নির্বাচন কার্যালয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ১৭ ইউনিয়নের সবকটি কেন্দ্রই ‘গুরুত্বপূর্ণ’ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। তা ছাড়া কাঞ্চনা, আমিলাইশ, এওচিয়া, সাতকানিয়া সদর, ধর্মপুর, বাজালিয়া ও খাগরিয়া ইউনিয়নের কেন্দ্রগুলো ‘অধিক গুরুত্বপূর্ণ’।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, নির্বাচনের আগে উপজেলার বিভিন্ন এলাকায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে নির্বাচনের দিন ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারেন, প্রশাসন সেভাবেই নির্বাচনের প্রস্তুতি নিয়ে রেখেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ বলেন, ষষ্ঠ ধাপের ভোট আমরা সুন্দর ও সুষ্ঠুভাবে সাতকানিয়াবাসীকে উপহার দিতে চাই। তবে এ জন্য প্রার্থী, প্রার্থীর কর্মী-সমর্থক ও ভোটারদের সহযোগিতা প্রয়োজন। তা ছাড়া রাজনৈতিক দলের নেতাদের বিষয়টি খেয়াল রাখতে হবে।