সাতকানিয়ায় মা মেয়ে ধর্ষণ মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড
চট্টগ্রামের সাতকানিয়ায় মা-মেয়ে গণধর্ষণের মামলায় চার ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের অর্থদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় দেন।
সাজা পাওয়া আসামিরা হলেন কোরবান আলী, রিদওয়ান রহমান, আবদুর রহিম ও রুবেল চৌধুরী।
আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ১৫ জুন রাতে সাতকানিয়া উপজেলার কেওচিয়া এলাকার একটি বাড়িতে ঢুকে মা-মেয়েকে ধর্ষণ করা হয়।
এ ঘটনার শিকার মা বাদী হয়ে সাতকানিয়া থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে ওই বছরের ১২ ডিসেম্বর অভিযোগপত্র দেয় পুলিশ।
২০১৫ সালের ৯ এপ্রিল অভিযোগ গঠন করেন আদালত। ১২ জন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেসমিন আকতার বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় আরেকজন আসামি আছে। তার বয়স কম হওয়ায় কিছুদিন আগে ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গঠন করা অভিযোগ বিচারের জন্য শিশু আদালতে পাঠিয়ে দিয়েছেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, আসামিদের মধ্যে কোরবান আলী ও আবদুর রহিম কারাগারে আছেন। বাকি দুজন পলাতক রয়েছেন বলে জানান জেসমিন আকতার।