সাতকানিয়ায় মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা
সাতকানিয়ার চরতি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন জামায়াতের আমির রেজাউল করিমকে গতকাল শনিবার ভোরে গ্রেপ্তার করতে গিয়ে জামায়াত-শিবিরের হামলার শিকার হয়েছে সাতকানিয়া থানার পুলিশ। এ সময় জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশের কাছ থেকে দুই কর্মীকে ছিনিয়ে নেন।প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ রেজাউল করিমের বাড়ি পৌঁছালে আশপাশের মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে বলা হয়, পুলিশের পোশাক পরে গ্রামে ডাকাত এসেছে। এরপর লাঠিসোঁটা নিয়ে লোকজন পুলিশের ওপর হামলা চালায়।পুলিশের আহত কর্মকর্তারা হলেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল, সহকারী উপপরিদর্শক আনসারুল হক, মো. আলম, কনস্টেবল মো. জুনাইদ, আলী হোসেন ও মাইক্রোবাসের চালক হাবিবুল করিম। হামলাকারীরা পুলিশকে বহনকারী দুটি পিকআপ ও একটি মাইক্রোবাস ভাঙচুর করে।সাতকানিয়ার ওসি মো. ইসমাইল বলেন, আত্মরক্ষার্থে পুলিশ ১৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে।স্থানীয় লোকজন জানান, গতকাল শনিবার সকাল ছয়টার দিকে সাতকানিয়া থানার পুলিশ চরতি ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিমকে গ্রেপ্তার করতে তাঁর বাড়ি তালগাঁও এলাকায় অভিযান চালায়। এ সময় চেয়ারম্যানকে না পেয়ে পুলিশ হাবিবুর রহমান ও নুরুল ইসলাম নামে জামায়াতের দুই কর্মীকে আটক করে পিকআপে তোলেন। এর পরই এলাকার কয়েকটি মসজিদের মাইক থেকে পুলিশের পোশাকে গ্রামে ডাকাত পড়েছে এমন ঘোষণার পর জামায়াত-শিবিরের স্থানীয় কর্মীসহ নারী-পুরুষ দা, কিরিচ, লাঠি, রড ও ইট নিয়ে পুলিশকে চারদিকে ঘিরে আক্রমণ শুরু করেন।এ ব্যাপারে সাতকানিয়া অঞ্চলের সহকারী পুলিশ সুপার এ কে এম এমরান ভূঁইয়া বলেন, দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।