সাতকানিয়ায় যুবলীগ কর্মীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চূড়ামণি আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে গতকাল বুধবার মোহামঞ্চদ আলমগীর (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আলমগীরের পরিবারের দাবি, তিনি যুবলীগ করতেন। এ কারণে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা তাঁকে হত্যা করেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে জামায়াত।
এদিকে ফেনীর দাগনভূঞায় মঙ্গলবার রাতে ছাত্রলীগের দুই নেতা-কর্মীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। তাঁরা হলেন উপজেলার সিন্দুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল হান্নান (৩২) ও ছাত্রলীগের কর্মী মো. হায়দার (২৩)।
এলাকাবাসী জানান, সকাল সাড়ে সাতটার দিকে সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের চূড়ামণি আশ্রয়ণ প্রকল্প এলাকার পাহাড়ের পাশের জমিতে আলমগীরের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় কৃষকেরা। তাঁর বুকে গুলি ও ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পরে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। আলমগীর উপজেলার চূড়ামণি আশ্রয়ণ প্রকল্প আদর্শ গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে।
আলমগীরের বাবা নুরুল ইসলাম জানান, তাঁর ছেলে যুবলীগ করতেন। জামায়াত-শিবিরের ভয়ে তিনি অনেক দিন আগেই এলাকা ছেড়ে চলে গেছেন। গত মঙ্গলবার দুপুরে এলাকায় এসে আবার বিকেলে চলে যান। তিনি অভিযোগ করেন, জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা তাঁর ছেলেকে অন্য কোথাও থেকে ধরে এনে চূড়ামণি এলাকায় খুন করেছে।
আলমগীরের বড় ভাই মোহামঞ্চদ জাহাঙ্গীরের অভিযোগ, তাঁর ভাই আওয়ামী লীগের নেতাদের সঙ্গে চলাফেরা করতেন। এ কারণে জামায়াত-শিবিরের সন্ত্রাসী শেখ আহমদ, বশর ও কাদেরের লোকেরা তাঁর ভাইকে খুন করেছে।
একই অভিযোগ করে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক মোহামঞ্চদ শাহজাহান বলেন, আলমগীর তাঁদের দলের অঙ্গ সংগঠনের সক্রিয় কর্মী ছিলেন। জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা তাঁকে নির্মমভাবে হত্যা করেছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোহামঞ্চদ ইমরান প্রথম আলোকে বলেন, ‘জামায়াত-শিবির অরাজকতা বা ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়। কে বা কারা তাঁকে হত্যা করেছে আমরা বলতে পারি না। আওয়ামী লীগ রাজনৈতিক কারণে জামায়াত-শিবিরের ওপর দোষ চাপিয়ে দিচ্ছে।’
সাতকানিয়া থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) এ কে এম এমরান ভুঞা জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তদন্ত শেষে জানা যাবে এ হত্যার সঙ্গে জামায়াত-শিবির, না অন্য কেউ জড়িত। মামলা প্রক্রিয়াধীন।
ফেনীতে হামলা: এলাকাবাসী জানান, দাগনভূঞার সিন্দুরপুর ইউনিয়নের অলাতলী বাজার থেকে মঙ্গলবার রাত ১০টার দিকে বাড়ি ফিরছিলেন ছাত্রলীগের নেতা আবদুল হান্নান ও ছাত্রলীগের কর্মী মো. হায়দার। এ সময় অলাতলী বাজারের পশ্চিম পাশে পাঁচ-ছয়জনের একটি সন্ত্রাসী দল তাঁদের পথরোধ করে এবং কিছু বুঝে ওঠার আগেই দুজনকে এলোপাতাড়িভাবে কুপিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এসে তাঁদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠায়। অবস্থার অবনতি ঘটায় আবদুল হান্নানকে সেখান থেকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।
আহত ছাত্রলীগের নেতা আবদুল হান্নানের বাবা আবুল কাশেম অভিযোগ করেন, স্থানীয় যুবদলের সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। তিনি এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, এ ঘটনায় গতকাল বিকেল পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।