সাতকানিয়ায় যুবলীগ নেতাকে পিটিয়েছে শিবির সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নে মো. জসিম উদ্দিন (২৮) নামে এক যুবলীগ নেতাকে পিটিয়ে আহত করেছে শিবিরের সন্ত্রাসীরা। জসিম উপজেলার কেঁওচিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও কেঁওচিয়া ইউনিয়নের কান্তরবাড়ি এলাকার আহমদ নবীর ছেলে। আহত অবস্থায় তাঁকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গতকাল শনিবার দুপুর ১২টার দিকে কেঁওচিয়া ইউনিয়নের মোজাহেরুল হক ইসলামিয়া দাখিল মাদ্রাসার পার্শ্ববর্তী এক চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
জসিম জানান, ‘চায়ের দোকানে বসে চা পান করা অবস্থায় দুই শিবির কর্মী এসে আমার শার্টের কলার ধরে টেনে দোকানের বাইরে নিয়ে এলে ওখানে থাকা ১৫-২০ জন শিবিরের সন্ত্রাসী লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকলে আমি একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়ি। এরপর তারা যুবলীগ করলে জানে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।’ স্থানীয় লোকজন তাঁকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
সাতকানিয়া উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আসাদ বলেন, শিবিরের চিহ্নিত সন্ত্রাসীরা ইউনিয়ন যুবলীগ নেতা জসিমকে পিটিয়ে আহত করেছে। স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়েছে।
আসাদ অভিযোগ করে বলেন, পুলিশ শিবিরের চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করছে না। অথচ উল্টো যুবলীগ কর্মীদের হয়রানি করছে।
উপজেলা শিবিরের সভাপতি মোহামঞ্চদ ইমরানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ হোসেন বলেন, কেঁওচিয়া ইউনিয়নে এক যুবলীগ নেতাকে পিটিয়ে আহত করেছে এ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।