সাতকানিয়ায় শিবিরের হামলায় যুবলীগ কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা বাজার এলাকায় মোহামঞ্চদ হাসান (৩৫) নামে এক যুবলীগ কর্মীকে শিবিরের সন্ত্রাসীরা গুলি করে ও চায়নিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে গেছে। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
হাসান কাঞ্চনা ইউনিয়নের দক্ষিণ কাঞ্চনা গুড়গুড়ি এলাকার ওলা মিয়ার ছেলে। গতকাল রোববার রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার পর স্থানীয় লোকজন তাঁকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহত যুবলীগ কর্মী হাসানের চাচা মোহামঞ্চদ আলম বলেন, হাসান সন্ধ্যা থেকে ফুলতলা বাজার এলাকায় অবস্থান করছিল। রাত সাড়ে সাতটার দিকে সে একটি ওষুধের দোকানের সামনে বসে থাকা অবস্থায় মুখোশ পরা তিন-চারজন শিবিরের সন্ত্রাসী সিএনজিচালিত অটোরিকশাযোগে এসে তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করলে সে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় সন্ত্রাসীরা চায়নিজ কুড়াল দিয়ে তাঁর পায়ে ও পেটে আঘাত করে পালিয়ে যায়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পার্থ সারথি চৌধুরী প্রথম আলোকে বলেন, হাসান কাঞ্চনা ইউনিয়ন যুবলীগের কর্মী। ব্যক্তিগত কাজে ফুলতলা বাজারে অবস্থান করার সময় শিবিরের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করেছে। গত বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে চলা জামায়াত-শিবিরের তাণ্ডবের বিরুদ্ধে কথা বলায় তাঁকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা শিবিরের সভাপতি মো. তৌফিক এলাহীর মুঠোফোনে যোগাযোগ করে তাঁকে পাওয়া যায়নি।
সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রকিবুল হাসান প্রথম আলোকে বলেন, গুলিবিদ্ধ ও কুপিয়ে আহত করা হাসান নামে এক যুবককে হাসপাতালে নিয়ে আসা হলে তাঁর অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। চট্টগ্রাম পুলিশ ফাঁড়ির কনস্টেবল তাজুল ইসলাম হাসানের মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, পেটে গুলিবিদ্ধ ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতপ্রাপ্ত একজন যুবককে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি ) এ কে এম এমরান ভূঞা বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।