‘টেকসই প্রবৃদ্ধির জন্য উৎপাদনশীলতা অপরিহার্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল রোববার চট্টগ্রামের সাতকানিয়ায় জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০১৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে কয়েকটি সড়ক ঘুরে আবার উপজেলা পরিষদ ফটকের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ উল্যাহর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মাহফুজ উন নবী। বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শোয়েব মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিম শরীফ, উপজেলা সমবায় কর্মকর্তা ফাতেমা বেগম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তপন কুমার ভৌমিক প্রমুখ।