সাতকানিয়ায় শ্বাসরোধে চার শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় গতকাল শনিবার নবনির্মিত সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে অক্সিজেনের অভাবে শ্বাসরোধে দুই সহোদরসহ চার নির্মাণশ্রমিক মারা গেছেন। এলাকাবাসী জানান, উপজেলার জনার কেওচিয়া এলাকায় ইসমাইলের বাড়িতে রাজমিস্ত্রি শওকত আলী (২৫), তাঁর সহকারী সোহেল (২৩), খোরশেদ আলম (২৭) ও আনোয়ার হোসেন (২৮) কাজে যান। গতকাল বিকেলে সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে প্রথমে সোহেল ঢাকনা তুলে নিচে নামেন। অল্প কিছুক্ষণের মধ্যে তিনি ট্যাংকের ভেতরে অজ্ঞান হয়ে পড়েন। তাঁকে উদ্ধার করতে পরপর মিস্ত্রি শওকত, সহকারী খোরশেদ ও আনোয়ার নেমে পড়লে তাঁরাও অজ্ঞান হয়ে পড়েন। সাতকানিয়া ফায়ার সার্ভিস এসে তাঁদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।সাতকানিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বাহাউদ্দিন জানান, দীর্ঘদিন ধরে সেপটিক ট্যাংকের মুখ বন্ধ থাকায় ভেতরটি অক্সিজেনশূন্য হয়ে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ায় শ্রমিকেরা শ্বাসরোধে মারা গেছেন। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন জানান, শওকত আলী ও সোহেল আপন ভাই। তাঁরা জনার কেওচিয়া ইউনিয়নের ইউনুছ মিস্ত্রির ছেলে। খোরশেদ আলম লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নুরুল আমিনের ছেলে এবং আনোয়ার হোসেন উপজেলার জনার কেওচিয়ার বাদশা মিয়ার ছেলে।