সাতকানিয়ায় সংঘর্ষে আহত একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় গত মঙ্গলবার খাগরিয়া এলাকায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত বদি আলম (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
চট্টগ্রামের সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এ কে এম এমরান ভূঞা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, বদি আলমের মৃত্যুর ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গত মঙ্গলবার দুপুরে সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের নুরু মার্কেট এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষ লাঠিসোঁটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। এতে উভয়পক্ষের নয়জন আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত অবস্থায় বদি আলমকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। নিহত বদি আলম ওই এলাকার আহমদ করিমের ছেলে।