সাতকানিয়ায় সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ ওসিসহ চার পুলিশ আহত
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বারদোনা এলাকায় গতকাল শুক্রবার সকালে একটি ক্লাবের সদস্যদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) চার পুলিশ সদস্য আহত হন। এই ক্লাবটির প্রতিষ্ঠাতা র্যাবের ক্রসফায়ারে নিহত শীর্ষ সন্ত্রাসী আহমেদুল হক চৌধুরী ওরফে আহমুদ্যা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্লাবের সদস্যরা জড়ো হন। সদস্যদের মধ্যে অনেকে ফৌজদারি মামলার আসামি ছিলেন। পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করেছে। সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন, উপপুলিশ পরিদর্শক (এসআই) মুরাদুল্লাহ বাহার, কনস্টেবল ফরহাদ। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল উপজেলার বারদোনার আদর্শপাড়া এলাকায় ‘টাইগার ক্লাব’ নামের একটি সংগঠনের প্রতিষ্ঠাবর্ষিকীর আয়োজন করা হয়। এই অনুষ্ঠান কেন্দ্র করে এলাকায় সন্ত্রাসীদের আনাগোনার বিষয়টি স্থানীয়রা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সাতকানিয়া থানার ওসি মো. খালেদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘টাইগার ক্লাব নামের যে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়, তার কোনো স্থাপনা ও নিবন্ধন নম্বর নেই। নামসর্বস্ব এই ক্লাবের সদস্যরা এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক চোরাচালানের সঙ্গে জড়িত।’ পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাত থেকে ৫০-৬০টি মোটরসাইকেল নিয়ে সন্ত্রাসীরা ওই এলাকায় অবস্থান করছিল। এ সংগঠনের নেতৃত্বে আছেন এহতেশামুল আজিম (৩০)। তাঁর নামে থানায় পাঁচটি মামলা আছে। ওসি খালেদ হোসেন এ প্রসঙ্গে বলেন, ‘এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতি ও মহড়ার কারণে স্থানীয় লোকজন ভীত হয়ে পড়েছে। এলাকাবাসী খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে ওই ক্লাবের অনুষ্ঠান করতে নিষেধ করি। শুরুতে তাঁরা সরে গেলেও পরে অতর্কিতে ইটপাটকেল ও ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। সন্দেহভাজন হিসেবে পাঁচজনকে আটক করা হয়েছে।’ সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে (কাঁচি) ওসির বাঁ হাতের তালু কেটে গেছে। অন্য পুলিশ সদস্যরা ইটের আঘাতে আহত হয়েছেন। ওসি খালেদ হোসেন বলেন, ‘র্যাবের ক্রসফায়ারে নিহত আহমেদুর এলাকায় টাইগার ক্লাব নামের ওই সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। পরে তাঁর অনুসারী এহতেশামুল আজিম এ সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন।’ এ ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গতকাল শুক্রবার সন্ধ্যায় সাতকানিয়া থানায় মামলা করার প্রস্তুতি চলছিল।