সাতকানিয়ায় সমাবেশ করেনি আ.লীগ ও ১৮ দল
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটে গতকাল শুক্রবার আওয়ামী লীগ ও বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট সমাবেশের ডাক দিলেও কোনো পক্ষ সমাবেশ করেনি। তবে র্যাব, পুলিশ ও বিজিবি সতর্কাবস্থায় ছিল। বন্ধ ছিল বেশির ভাগ দোকানপাট। লোকজনের মধ্যে ছিল উত্তেজনা।
কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম বলেন, প্রশাসন ১৪৪ ধারা জারি করায় আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, ১৪৪ ধারা জারির মতো কোনো অবস্থা হয়নি। তবে যেকোনো সহিংসতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক ছিল।
সাতকানিয়া উপজেলা বিএনপির একাংশের সাধারণ সম্পাদক এহসান মওলা বলেন, পূর্বনির্ধারিত কর্মসূচি একদিন পিছিয়ে গতকালের পরিবর্তে কাল (শনিবার) করা হচ্ছে প্রশাসনের অনুরোধে। এদিকে উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আসাদের সভাপতিত্বে একটি মিছিল গতকাল বিকেলে উপজেলা সদর প্রদক্ষিণ করে। অপরদিকে শিবির একটি ঝটিকা মিছিল বের করে।