সাতকানিয়ায় সরে দাঁড়ালেন বিএনপির মেয়র প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশাসন ও সরকারি দলের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপির মেয়র প্রার্থী রফিকুল আলম। আজ রোববার বিকেলে নগরের প্রবর্তক মোড়ে একটি ব্যবসায়িক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

রফিকুল আলম বলেন, সরকারি দলের নেতারা তাঁকে অব্যাহতভাবে চাপ দিচ্ছেন। মিথ্যা মামলা দায়েরের মাধ্যমে তাঁকে এবং নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে। ভয়ভীতি-হুমকির কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন। তাঁর দাবি, নেতা-কর্মী, সমর্থকদের মামলা-হামলা থেকে রক্ষা করার জন্য নির্বাচন থেকে সরে না দাঁড়ানো ছাড়া তাঁর কোনো উপায় ছিল না।

সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার আগে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলাপ করেননি বলে জানালেন রফিকুল আলম। তিনি বলেন, ‘আমি এখনো দলের শীর্ষ নেতাদের জানাইনি। তাঁদের জানাব।’

২৪ ডিসেম্বর নগরের কোতোয়ালি থানায় রফিকুল আলমের বিরুদ্ধে তাঁর পুত্রবধূ নারী নির্যাতন আইনে একটি মামলা করেন। মামলার পর থেকে তিনি আর প্রচারণায় অংশ নেননি।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়ের পর প্রার্থী সরে দাঁড়ালেও ব্যালট পেপারে ওই প্রার্থীর নাম ও প্রতীক থাকবে।

সাতকানিয়ায় এবার মেয়র প্রার্থী মোট তিনজন। রফিকুল ছাড়া অপর দুই প্রার্থী হলেন আওয়ামী লীগের মো. জোবায়ের ও জাতীয় পার্টির (জাপা) মো. ইউসুফ চৌধুরী।