সাতকানিয়ায় সহিংসতায় জামায়াত-শিবিরের গুলিতে তিন কর্মী নিহত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে গুলিতে জামায়াতের তিন কর্মী নিহত হয়েছেন বলে পুলিশি তদন্তে উঠে এসেছে। তাঁরা হলেন শহিদুল ইসলাম, আবু তাহের ও ওসমান ড্রাইভার।
তবে জামায়াত বলছে, পুলিশের গুলিতে তাঁরা মারা গেছেন। ভয়ে নিহত ব্যক্তিদের পরিবার মামলা করেনি। তারা ওপরওয়ালার কাছে বিচার চেয়েছে। এদিকে তিনজন নিহত ও সহিংসতার ঘটনায় দায়ের হওয়া দুই মামলার তদন্তে নির্দেশদাতা ও পরিকল্পনাকারীদের শনাক্ত করতে পারেনি পুলিশ। অভিযোগপত্র থেকে দক্ষিণ জেলা জামায়াতের আমির জাফর সাদেক ও জামায়াত নেতা মোহামঞ্চদ নুরুল্লাহ নাম বাদ দিতে সুপারিশ করা হয়েছে। শুধু কীভাবে ঘটনা ঘটেছে তার উল্লেখ করে ৫৬ জনকে অভিযুক্ত করে এ ঘটনায় দায়ের হওয়া মামলায় অভিযোগপত্র ১৬ জানুয়ারি আদালতে জমা দিয়েছে পুলিশ। আগামী ১২ ফেব্রুয়ারি অভিযোগপত্র গ্রহণের ওপর শুনানির দিন ধার্য রয়েছে। ২০১৩ সালের ২ মার্চ জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেওয়া রায় বাতিলের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরুদ্ধ রাখেন জামায়াত-শিবির কর্মীরা। বাধা দিলে তাঁরা পুলিশের ওপর হামলা চালান। উপজেলার হাসমতের দোকান এলাকায় পুলিশ ও জামায়াত-শিবির কর্মীদের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলে মারা যান আবু তাহের, শহিদুল ইসলাম ও ওসমান ড্রাইভার। এ ছাড়া মহাসড়কের ৩৫টি গাছ কেটে রাস্তা অবরোধ করে রাখে জামায়াত- শিবির কর্মীরা।
এ ঘটনার পরদিন সাতকানিয়া থানার এসআই নাজমুল হক বাদী হয়ে দক্ষিণ জেলা জামায়াতের আমির জাফর সাদেকসহ ১২ জনের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা সাতকানিয়া থানার এসআই জাফর আহামঞ্চদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন ও সাক্ষীদের বক্তব্যে উঠে এসেছে, জামায়াত-শিবিরের গুলিতে তাদের তিন সহযোগী মারা যান। এ ছাড়া গাছ কাটা, পুলিশের ওপর হামলা ও জানমালের ক্ষতিসাধনে জড়িত ৫৬ জনের বিরুদ্ধে তদন্তে সত্যতা মেলেছে। এ তাণ্ডবের পরিকল্পনাকারী ও নির্দেশদাতাদের শনাক্ত করা যায়নি কেন প্রসঙ্গে বলেন, ‘গ্রেপ্তার করা আসামিদের রিমান্ডে আনা হলেও তারা মুখ খুলেননি। অনেকে পলাতক রয়েছেন।’
দক্ষিণ জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ ইসহাক বলেন, ‘পুলিশের গুলিতেই মারা গিয়েছিলেন জামায়াতের তিন সমর্থক। পুলিশের ভয়ে নিহত ব্যক্তির পরিবারও মামলা করেনি। এখন তারা আল্লার কাছে বিচার দিছে।’
নিহত শহিদুল ইসলামের বাবা আবু তাহের, নিহত আবু তাহেরের মা আমেনা বেগম ও নিহত ওসমান ড্রাইভারের বাবা আবু সৈয়দ গত বছরের ১৬ এপ্রিল বিচারিক হাকিম আদালতে লাশগুলোর ময়নাতদন্ত না করার জন্য আবেদন করেন। মৃত্যুর ব্যাপারে তাঁদের কোনো অভিযোগ নেই। বর্তমান ও ভবিষ্যতে কেউ কোনো প্রকার মামলা করবেন না এবং কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই অঙ্গীকারনামা দেন আদালতে। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত লাশগুলোর ময়নাতদন্তের নির্দেশ দেন।