সাতকানিয়ায় স্ত্রীর ওপর গরম পানি ঢেলে দিয়ে নির্যাতন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামীর নির্যাতনের শিকার শিল্পী দাশ নামের এক গৃহবধূকে গত রোববার বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রামের সাতকানিয়ার বাজালিয়া মধ্যমপাড়া গ্রামে গত ৩০ অক্টোবর শিল্পীর ওপর গরম পানি ঢেলে দেন স্বামী প্রদীপ দাশ। এতে শিল্পীর শরীরের বেশ কিছু অংশ ঝলসে যায়। শিল্পীর ভাই সুজন দত্ত অভিযোগ করে বলেন, সাতকানিয়া থেকে চট্টগ্রামে না নিয়ে তাঁর বোনকে গোপনে চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর বোনকে শরীরে গরম পানি ঢেলে দেওয়ার পর চিকিৎসা না করে বাড়িতে আটকে রাখা হয়েছিল। তাঁরা বিষয়টি জানতে পেরে বোনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ভগ্নিপতি ও পরিবারের লোকজনকে বলেছেন। কিন্তু তাঁরা তা না করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে শিল্পী দাশ বলেন, স্বামী প্রদীপ দাশ তাঁর ওপর ওই দিন পেছন থেকে আলু সিদ্ধ করার গরম পানি ঢেলে দেন। প্রচণ্ড ব্যথায় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফিরে তিনি নিজেকে সাতকানিয়ার কেরানীহাটের একটি বেসরকারি ক্লিনিকে দেখতে পান। ওই ক্লিনিকে এক দিন রাখার পর তাঁকে বাজালিয়া মধ্যমপাড়ার বাড়িতে নিয়ে যাওয়া হয়। প্রদীপ তাঁকে সব সময় গালিগালাজ এবং মাঝেমধ্যে শারীরিক নির্যাতন করতেন। গতকাল হাসপাতালে শিল্পীকে দেখতে গিয়ে সাংবাদিক পরিচয় দিয়ে প্রদীপ ও তাঁর বড় ভাই দিলীপ দাশের সঙ্গে কথা বলতে চাইলে তাঁরা পালিয়ে যান। এ সময় শিল্পীর জা (ভাশুরের স্ত্রী) রাধু দাশ বলেন, ‘প্রদীপ তাঁর স্ত্রীর ওপর গরম পানি ঢেলে দিয়েছেন, এ কথা সত্য। তবে শিল্পী সাংসারিক কাজকর্মে অনভিজ্ঞ। এ জন্য মাঝেমধ্যে ঝগড়াঝাটি হতো। গরম পানি পড়ার বিষয়টি না জানানোয় শিল্পীর ভাই ও আত্মীয়রা খারাপভাবে নিয়েছেন।’ সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ ইসমাইল বলেন, তাঁরা অভিযোগ পেয়েছেন। ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রদীপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।