সাতকানিয়ায় স্বেচ্ছাশ্রমে ভাঙন ঠেকানোর চেষ্টা
মসজিদ, মাদ্রাসা ও বসতঘর রক্ষায় শঙ্খ নদের ভাঙন ঠেকানোর চেষ্টা করছেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাটগড় গ্রামের বাসিন্দারা। গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই কাজ।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, শঙ্খ নদের উত্তর-পূর্ব তীরে পূর্ব কাটগড় গ্রামের প্রায় ৪০ জন বাসিন্দা বস্তায় বালু ভরছেন। অন্যরা বালুর বস্তাগুলো নৌকায় করে নদের ভাঙনকবলিত দক্ষিণ-পশ্চিম তীরের পূর্ব কাটগড় গ্রামের একটি বাড়ির পাশে নিয়ে ফেলছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ১৯৯৫-৯৬ অর্থবছরে শঙ্খ নদের দক্ষিণ-পশ্চিম তীরের পূর্ব কাটগড় গ্রামের ৩০০ মিটার এলাকায় ভাঙন প্রতিরোধ বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। গত রোববার উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের টানে প্রতিরোধ বাঁধের প্রায় ৬০ মিটার ধসে পড়ে। এ সময় একটি বসতঘরের একাংশ বিলীন হয়ে যায়।
স্থানীয় লোকজন বলেন, প্রতিরোধ বাঁধ ধসে পড়ায় পূর্ব কাটগড় গ্রামের ২০টি পরিবারের ঘরবাড়ি এবং দুটি মসজিদ ও একটি মাদ্রাসা ঝুঁকির মধ্যে আছে। পুরো বাঁধ ধসে পড়লে তিন শ বসতঘর নদে বিলীন হয়ে যাবে। এ পরিস্থিতিতে নদের ভাঙন প্রতিরোধে এগিয়ে এসেছেন গ্রামের ধনাঢ্য ব্যক্তিরা। তাঁরা অর্থের জোগান দিচ্ছেন। আর স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন অগ্রদূতের সদস্যরা বালুর বস্তা ফেলে ভাঙন প্রতিরোধে কাজ করে যাচ্ছেন।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পটিয়া কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। বরাদ্দ পাওয়া সাপেক্ষে প্রকল্প গ্রহণ করে ক্ষতিগ্রস্ত এলাকায় বাঁধ নির্মাণের ব্যবস্থা করা হবে।