সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় ছাত্রী নিহত, মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার মিঠাদিঘি এলাকায় আজ রোববার সকালে যাত্রীবাহী একটি বাসের চাপায় রূপসী নাথ (১১) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করা হয়। এতে প্রায় দুই ঘণ্টা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।


রূপসী নাথ ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহমদ উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। সে উপজেলার ছদাহা ইউনিয়নের নাথপাড়া গ্রামের সাধন নাথের মেয়ে।

পুলিশ, জনপ্রতিনিধি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সকাল পৌনে নয়টার দিকে মিঠাদিঘি এলাকায় মহাসড়ক পার হয়ে স্কুলের উদ্দেশে যাচ্ছিল রূপসী নাথ। ওই সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শাহ আমিন নামের একটি বাস স্কুলের সামনে তাকে চাপা দেয়। এতে দুর্ঘটনা স্থলেই রূপসী নাথের মৃত্যু হয়।
রূপসী নাথের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এর প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনে ও আশপাশের এলাকায় জড়ো হয়। পরে শিক্ষার্থীরা সড়কের ওপর বেঞ্চ ও গাছের গুঁড়ি ফেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে। অবরোধে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এলাকার লোকজনও অংশ নেয়। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দুর্ভোগের শিকার হন পর্যটকসহ সাধারণ যাত্রীরা।
পুলিশ, জনপ্রতিনিধি ও বিদ্যালয়ের শিক্ষকেরা এসে চেষ্টা চালিয়ে এবং বিদ্যালয়ের সামনে মহাসড়কে প্রতিরোধক নির্মাণের আশ্বাস পেয়ে প্রায় দুই ঘণ্টা পর অবরোধকারীরা সরে যায়। পরে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
উপজেলার ছদাহা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোসাদ হোসেন চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত হওয়ার খবর শুনে শিক্ষার্থীদের পাশাপাশি এলাকার লোকজনও মহাসড়ক অবরোধে যোগ দেন। তবে তাঁদের কোনো অবস্থাতেই গাড়ি ভাঙচুর করতে দেওয়া হয়নি।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, অবরোধকারীরা সরে গেলে প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। ছাত্রীকে চাপা দেওয়া বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন।