সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও নয়জন আহত হয়েছেন। গতকাল বুধবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার পাঠানীপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন পিকআপ ভ্যানের চালক চট্টগ্রামের মিরসরাই উপজেলার আনোয়ার হোসেন (৩৫) ও তাঁর সহকারী একই উপজেলার নাজিরপাড়া এলাকার মনোয়ার হোসেন (২৩)। দুর্ঘটনায় বাসের চালকসহ নয় যাত্রী আহত হয়েছেন। তাঁদের সাতকানিয়ার কেরানীহাট ও দোহাজারী উপজেলার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাঠানীপুল এলাকায় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাছ ভর্তি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই মারা যান পিকআপ ভ্যানের চালক ও সহকারী।
দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন বাসচালক মো. করিম, ফুল মিয়া, মো. খালেদ, আবদুর রহমান, মো. বাপ্পী, হেলাল উদ্দিন, মো. জসিম, মো. সোলেমান ও রবিউল হোসেন। আহত ব্যক্তিদের মধ্যে পিকআপ ভ্যানে থাকা কয়েকজন লোকও রয়েছেন। আহত ব্যক্তিদের সাতকানিয়ার কেরানীহাট ও চন্দনাইশ উপজেলার দোহাজারীর বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কাউছার চৌধুরী গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানায় নিয়ে আসা হয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।